বেঙ্গালুরু: দেশের স্টার্টআপ রাজধানী বেঙ্গালুরুতে ‘নীতি পুলিস’-দের দৌরাত্ম্য চলছেই। দিন কয়েক আগেই গাড়ির ভিতর প্রেমিক যুগলকে ‘সংযত’ থাকার বার্তা দিয়ে শিরোনামে এসেছিলেন এক ক্যাবচালক। চালকের পাশের আসনের পিছনদিকে ঝুলিয়ে রাখা যাত্রীদের প্রতি তাঁর সেই ‘সতর্কবাণী’ সমাজমাধ্যমে ভাইরাল হয়। এবার শহরের একটি পার্কের বাইরে স্কুটারে বসে গল্প করা ভিন ধর্মের এক যুগলকে প্রকাশ্যেই হেনস্তার শিকার হতে হল। সেই ভিডিও (যার সত্যতা যাচাই করা হয়নি) সমাজমাধ্যমে ভাইরাল হতেই প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়্গে। রীতিমতো ক্ষোভের সুরে তিনি বলেন, ‘এটা বিহার, উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ নয়। কর্ণাটক একটি উদারমনস্ক রাজ্য। এখানে কোনও ধরনের নীতি পুলিসি বরদাস্ত করা হবে না।’



