সংবাদদাতা, বনগাঁ: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রের গ্রাহকদের বিপুল টাকা নিয়ে বেপাত্তা এক দম্পতি। সোমবার গ্রাহক সেবা কেন্দ্রটি তালা দেওয়া অবস্থায় দেখতে পান গ্রাহকরা। মঙ্গলবার ওই কেন্দ্রের সামনে এসে জড়ো হন কয়েকশো গ্রাহক। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা। উত্তেজনা দেখা দেওয়ায় ঘটনাস্থলে আসে বাগদা থানার পুলিস। গ্রাহকদের পক্ষ থেকে পুলিসের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। বাগদা বাজার এলাকায় দীর্ঘদিন গ্রাহক সেবা কেন্দ্র চালাতেন স্থানীয় বাসিন্দা অর্পিতা অধিকারী ও তাঁর স্বামী অমিত মণ্ডল। এখানে প্রায় পাঁচ হাজার গ্রাহক রয়েছেন। বহু গ্রাহক আবাস যোজনার টাকা এখানেই জমা রেখেছিলেন। যদিও এবিষয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।



