ছাতারপুর: ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বাগেশ্বর বাবা তথা ধীরেন্দ্র শাস্ত্রীর বিতর্কিত মন্তব্যের জের। যাদব মহাসভার সদস্য ও শাস্ত্রীর সমর্থকদের দ্বৈরথে দিনের ব্যস্ত সময়ে অবরুদ্ধ জাতীয় সড়ক। ভগবান কৃষ্ণকে শ্রীরামের সঙ্গে তুলনা করতে বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্র শাস্ত্রী আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। তারপর থেকেই নানা মহলে সমালোচনার ঝড় ওঠে। শুক্রবার মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় বাগেশ্বর ধামে প্রতিবাদ মিছিলের ডাক দেয় যাদব মহাসভা। তাদের দাবি ছিল, ধীরেন্দ্র শাস্ত্রীকে ক্ষমা চাইতে হবে। এমনকী তাঁকে গ্রেপ্তারও করতে হবে। তবে মহাসভার সদস্যদের আটকাতে বাগেশ্বর ধামের ভক্তরা লাঠি, পাথর হাতে ৩৯ নম্বর জাতীয় সড়কে অবস্থানে বসেন। ঘটনাস্থলে মহাসভার সদস্যরা পৌঁছালে দু’পক্ষ মুখোমুখি হয়। তার জেরে হাইওয়ের চারটি লেনেই গাড়ি দাঁড়িয়ে পড়ে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। বিবদমান দুই গোষ্ঠীকে ছত্রভঙ্গ করতে পুলিশ সবরকম চেষ্টা করে। যদিও কাজের কাজ কিছুই হয়নি। গোটা এলাকা সিসি ক্যামেরা, ড্রোনের নজরদারিতে রাখা হয়েছে। বিক্ষোভস্থলের চারদিকে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। বাগেশ্বর ধাম এলাকাতেও পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ সুপার রজত সাকলেচা শনিবার বলেছেন, শুক্রবারই উত্তেজনা প্রশমিত হয়েছে।



