


নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রাজ্যের রাজনৈতিক পালাবদল হয়েছে। যার প্রভাব পড়েছে প্রতিটি পুরসভায়। কোথাও অস্থায়ী কর্মীরা বকেয়া চেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। কোথাও ফল ঘোষণার পর থেকে অফিসে আসছেন না চেয়ারম্যান। এমন অবস্থায় উত্তর ২৪ পরগনার হালিশহর ও কাঁচরাপাড়া পুরসভায় চেয়ারম্যানদের সরানোর প্রক্রিয়া শুরু হল। দুই পুরসভা তৃণমূলের দখলে রয়েছে। সেখানে কাউন্সিলারদের মধ্যে পদত্যাগের হিড়িক শুরু হয়েছে। ফলে বোর্ডের স্থায়িত্ব নিয়ে সংশয় দেখা দিয়েছে।
কাঁচরাপাড়া পুরসভায় কাউন্সিলার সংখ্যা ২৪ এবং হালিশহর পুরসভায় কাউন্সিলার সংখ্যা ২৩। সকলেই তৃণমূলের। জানা গিয়েছে, কাঁচরাপাড়া পুরসভায় ১৫ জন এবং হালিশহর পুরসভায় ১৬ জন কাউন্সিলার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। বীজপুর বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস বলেন, আমিও শুনেছি কাউন্সিলাররা পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, কাঁচরাপাড়া পুরসভার কাউন্সিলাররা দলের সভাপতি এবং পুরসভার এগজিকিউটিভ অফিসারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ওই পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী, ৪ মে’র পর থেকে পুরসভায় আসছেন না। পুরসভার হাল ধরতে এগিয়ে এসেছেন ভাইস চেয়ারম্যান তথা মুকুল পুত্র শুভ্রাংশু রায়। কাউন্সিলারদের সঙ্গে বৈঠক করেছেন বিধায়ক সুদীপ্ত দাসও। তিনি বলেন, মানুষ যেন পরিষেবা থেকে বঞ্চিত না হন। চেয়ারম্যান যদি না আসেন, আমাদের দায়িত্ব গ্রহণ করতে হবে। আমিও প্রশাসনের অঙ্গ। কমল অধিকারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
একইভাবে হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ অফিসে আসছেন না। নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন চেয়ারম্যান রাজু সাহানি এই পুরসভার কাজকর্ম চালু রাখতে উদ্যোগ নিয়েছেন। নবনির্বাচিত বিধায়ক হালিশহরে এসে কাউন্সিলারদের সঙ্গে বৈঠক করে অস্থায়ী কর্মচারীদের বেতন দেওয়া এবং পুর পরিষেবার কাজকর্ম খতিয়ে দেখেন। বুধবার হালিশহর পুরসভায় তৃণমূলের কাউন্সিলাররা বৈঠক করেন। সেখানে ১৬ জন কাউন্সিলার উপস্থিত ছিলেন। তাঁরা পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে শুভঙ্করবাবু বলেন, বিষয়টি শুনেছি।
বারাকপুরের এসডিও আচ্ছেলাল সূর্যলাল যাদব জানিয়েছেন, হালিশহরের ১৬ জন কাউন্সিলার বারাকপুর প্রশাসনিক ভবনে পদত্যাগ পত্র পাঠিয়েছেন। আর কাঁচরাপাড়ার ১৫ জন কাউন্সিলার পুরসভার এগজিকিউটিভ অফিসারের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।