Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা ঘিরে বনগাঁ পুরসভায় বিভক্ত কাউন্সিলাররা

বনগাঁ পুরসভায় কাটল না চেয়ারম্যান জট। উলটে তৈরি হল নয়া জটিলতা। অনাস্থা নিয়ে বিভাজন তৈরি হল দলের ১৯ জন কাউন্সিলারের মধ্যে।

গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা ঘিরে  বনগাঁ পুরসভায় বিভক্ত কাউন্সিলাররা
  • ২০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ পুরসভায় কাটল না চেয়ারম্যান জট। উলটে তৈরি হল নয়া জটিলতা। অনাস্থা নিয়ে বিভাজন তৈরি হল দলের ১৯ জন কাউন্সিলারের মধ্যে। বুধবার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলের ৯ জন কাউন্সিলার। এদিন বনগাঁ জেলা কার্যালয় দলের ১৫ জন কাউন্সিলারের সঙ্গে আলোচনায় বসেন জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। সেখানে বাকবিতন্ডায় জড়ান কাউন্সিলাররা। পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। যদিও জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর দলের ৬ জন কাউন্সিলার সেখান থেকে বেরিয়ে যান। তাঁরা অনাস্থার বিরুদ্ধে মত দেন। গোপালপন্থী কাউন্সিলাররা দাবি তোলেন, ‘গোপাল শেঠ দল বিরোধী কাজ করলে তাঁকে বহিষ্কার করা হোক।’ কাউন্সিলার শর্মিলা বৈরাগী বলেন, ‘বর্তমান চেয়ারম্যানকে নিয়ে আমাদের সমস্যা নেই। তবুও দলের নির্দেশে আমরা কাজ করছিলাম। তবে আমরা অনাস্থার বিরুদ্ধে।’ পরে ৯ জন দলীয় কাউন্সিলার মহকুমা শাসক এবং পুরসভার এগজিকিউটিভ অফিসারের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন। জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘দল গোপাল শেঠকে পদত্যাগ করতে বলেছিল। সময়সীমা পেরিয়ে গেলেও তিনি পদত্যাগ করেননি। দলের নির্দেশে আজ কয়েকজন কাউন্সিলার তাঁর বিরুদ্ধে অনাস্থা এনেছেন। কয়েকজন এই অনাস্থায় মত দেননি।’

Advertisement

গত ৬ তারিখ চেয়ারম্যান গোপাল শেঠকে পদত্যাগ করতে নির্দেশ দিয়ে চিঠি দেয় দল। দলের নির্দেশ অমান্য করায় পুনরায় সাতদিনের সময়সীমা বেঁধে দিয়ে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। এরই মধ্যে ভাইস চেয়ারম্যানকে অপসারণ করে জটিলতা বাড়ান চেয়ারম্যান গোপাল শেঠ। তাঁর অপসারণের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন জ্যোৎস্না আঢ্য। যাকে হাতিয়ার করে ১৪ তারিখ কাউন্সিলার সুরজিৎ দাসকে দায়িত্ব হস্তান্তর করেন গোপাল। যদিও দায়িত্ব নিতে এসে ফিরে যেতে হয় কাউন্সিলার সুরজিৎ দাসকে। তৈরি হয় বিভাজন। বুধবার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থাকে কেন্দ্র করে দলের অন্দরেই বিভাজন বাড়িয়ে দিল বলে মনে করছেন রাজনৈতিক মহল। এবিষয়ে বিজেপি কাউন্সিলার দেবদাস মণ্ডল বলেন, নিজেদের গোষ্ঠীকোন্দলে বাসিন্দারা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আগামীতে এর বিরুদ্ধে পথে নামবে বিজেপি।

Advertisement
সম্পর্কিত সংবাদ