সংবাদদাতা, বারুইপুর: জমি দখল করে অস্থায়ী কাঠামো বানিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে সেখানে কাজ করানোর অভিযোগ উঠল বারুইপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মিলু গুহঠাকুরতার বিরুদ্ধে। কাউন্সিলারের পাল্টা অভিযোগ, তাঁকে ও গোষ্ঠীর মহিলাদের অপমান, হেনস্তা করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার। জমিটি রয়েছে বারুইপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কে সি মিত্র রোড সংলগ্ন এলাকায়। বারুইপুরের কাঁঠালবেড়িয়ার বাসিন্দা প্রভাতকুমার মণ্ডল দাবি করেছেন, আড়াই কাঠা জমি আমি পাঁচ বছর আগে কিনেছিলাম। এরপর থেকে ওই জমি ফাঁকা পড়েছিল। মঙ্গলবার এলাকায় গিয়ে দেখি, কাউন্সিলার জমি ঘিরে অস্থায়ী কাঠামো তৈরি করে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের বসিয়ে কাজ করাচ্ছেন। তাঁর অভিযোগ, জমি কাউন্সিলার দখল করছেন। বারুইপুর থানায় অভিযোগ করা হয়েছে। যদিও কাউন্সিলার মিলু গুহঠাকুরতা বলেন, কারও জমি দখল করা হয়নি। ওই ব্যক্তির নথি সঠিক নয়। আমরা ওঁকে আদালতে যেতে বলেছি। আমি জোর করে জমি দখল করতে আসিনি। ওই জায়গায় পাঁচ বছর ধরে ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা কাজ করছেন। মঙ্গলবার মেয়েদের উত্ত্যক্ত করেন প্রভাত মণ্ডল সহ অন্যরা। প্রতিবাদ করায় মেয়েদের সঙ্গে আমাকেও অপমান ও হেনস্তা করা হয়। বারুইপুর থানায় অভিযোগ করা হয়েছে। পুলিস উভয় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।



