Bartaman Logo
২৪ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথপুরে রাজ্য সড়কে ডিভাইডার সংস্কারের বিরোধিতা কাউন্সিলারের

রঘুনাথপুরে রাজ্য সড়কের ডিভাইডার সংস্কারের প্রস্তাব নিয়ে কংগ্রেস কাউন্সিলারের বিরোধিতা। শহরের উন্নয়ন নিয়ে আলোচনা চলছে। বিস্তারিত পড়ুন।

রঘুনাথপুরে রাজ্য সড়কে ডিভাইডার সংস্কারের বিরোধিতা কাউন্সিলারের
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর শহরে রাজ্য সড়কের উপরে থাকা ডিভাইডার ভেঙে পড়েছে। সেই ডিভাইডার সংস্কারের জন্য পুরসভার তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার রঘুনাথপুর পুরসভায় বিওসি (বোর্ড অব কাউন্সিল) বৈঠক ডাকা হয়। সেখানে পুরসভার তরফ থেকে ডিভাইডার সংস্কারের জন্য একটি প্রস্তাব আনা হয়। পুরসভার টাকায় পূর্ত দপ্তরের রাস্তার উপর ডিভাইডারের কাজ কেন হবে? তা নিয়ে কংগ্রেসের এক কাউন্সিলারের তরফে বিরোধিতা জানানো হয়েছে। তাঁর দাবি, পুরসভার টাকায় শহরের উন্নয়নের কাজ হোক। যদিও বিজেপি কাউন্সিলারের তরফ থেকে পুরসভার প্রস্তাবকে সম্মতি জানানো হয়েছে। বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

Advertisement

রঘুনাথপুর পুরসভার চেয়ারম্যান তরণী বাউরি বলেন, শহরের সৌন্দর্যের জন্য কয়েক বছর আগে ডিভাইডার করা হয়েছিল। বর্তমানে সেই ডিভাইডারের বেশ কিছু জায়গার কিছু অংশ ভেঙে পড়েছে। তাতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মহকুমা শাসককে কাজের জন্য প্রস্তাবের প্রতিলিপি পাঠানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে রঘুনাথপুর শহরকে সৌন্দর্যায়নে জন্য রঘুনাথপুর-বরাকর রাজ্য সড়কের উপর কাজ করা হয়। রাজ্য সড়কের রঘুনাথপুর নতুন বাসস্ট্যান্ড থেকে রঘুনাথপুর-১ ব্লক পর্যন্ত রাস্তার মাঝে ডিভাইডার তৈরি করা হয়েছিল। সেই ডিভাইডারের মাঝে বিভিন্ন ফুলের গাছ এবং স্ট্রিট লাইট লাগানো হয়েছিল। বর্তমানে দুর্ঘটনা জনিত কারণে ও কিছু জায়গায় ডিভাইডার খুলে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ডিভাইডারের ব্যবহৃত লোহার অ্যাংঙেলগুলি রাস্তার মাঝে চলে আসছে। যাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি বিষয়টি নিয়ে শহর বিজেপি নেতৃত্ব সহ শহরের বাসিন্দাদের তরফ থেকে ডিভাইডার সংস্কারের জন্য দাবি জানানো হয়েছিল। পুরসভা সেই দাবিতে সম্মত জানিয়েছে। কংগ্রেস কাউন্সিলার দেবযানী পরামানিক বলেন, পূর্ত দপ্তরের রাস্তায় ডিভাইডারের কাজ হয়েছে। পুরসভা কেন সেই কাজ করবে। বর্তমানে পুরসভায় ড্রেন, রাস্তাঘাটের সমস্যা রয়েছে। আবর্জনা পরিষ্কারের জন্য পর্যাপ্ত গাড়ির অভাব রয়েছে। অথচ সেই সব কাজের জন্য পুরসভার ভাবনা চিন্তা নেই। আমার তরফ থেকে দাবি জানানো হয়েছে, পুরসভায় টাকায় শহরের উন্নয়নের কাজ করা হোক। বিজেপি কাউন্সিলার দীনেশ শুক্লা বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আশায় কংগ্রেস ক্ষুব্ধ হয়েছে। পূর্ত দপ্তরের জায়গা হলেও পুরসভা সেই রাস্তায় লাইট লাগিয়েছে, ডিভাইডার করেছে। সেক্ষেত্রে পুরসভাকে সেই কাজ করতে হবে। এতদিন বিভিন্ন কাজ হয়েছে তখন তৃণমূলের সঙ্গে মিলে কংগ্রেস কাউন্সিলার বিরোধীতা করেননি। এখন তিনি বিজেপি সরকারের উন্নয়নে বিরোধিতা করছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ