নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রেলপথে কাফ সিরাপ পাচারের অভিযোগে হাওড়া স্টেশন থেকে ওড়িশার দুই যুবককে গ্রেপ্তার করেছে আরপিএফ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৫০ বোতল কাফ সিরাপ। উদ্ধার হওয়া সিরাপের আনুমানিক বাজারমূল্য ৭১ হাজার ২০৪ টাকা। মাদক পাচার রুখতে ‘অপারেশন নারকোস’-এর অধীনে অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে আরপিএফ। পুলিশ জানিয়েছে, ধৃতদের পরিকল্পনা ছিল হাওড়া থেকে মুম্বই মেলে ওই সিরাপ নিয়ে সম্বলপুর যাওয়া। ধৃতদের নাম মহম্মদ কাসিম এবং রাহুল তুপাকি । দুজনেই ওড়িশার সম্বলপুরের বাসিন্দা।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার হাওড়া স্টেশনের পুরানো কমপ্লেক্সে আরপিএফ ডগ স্কোয়াড নিয়ে অভিযান চালায়। স্টেশনের প্ল্যাটফর্ম ও সাবওয়ে এলাকায় নজরদারি চালানোর সময় দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হয় তাদের। দুজনকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাদের সঙ্গে থাকা ব্যাগ ও ট্রলি ব্যাগ থেকে বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার হয়। সব মিলিয়ে ৩৫০ বোতল সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও উদ্ধার করেছে আরপিএফ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হাওড়া স্টেশনের ১ থেকে ১৫ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিল দুই যুবক। সেখান থেকে আপ মুম্বই মেলে চড়ে সম্বলপুরে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।



