Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মিড ডে মিল নিয়ে দুর্নীতি! প্রধান শিক্ষকের জবাবদিহি তলব

ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার উলুবেড়িয়া-১ ব্লকের বিদ্যালয়ের মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল

মিড ডে মিল নিয়ে দুর্নীতি!  প্রধান শিক্ষকের জবাবদিহি তলব
  • ২১ জুলাই, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, উলুবেড়িয়া: একসপ্তাহ আগে মিড ডে মিলের দুর্নীতি নিয়ে বাগনান-১ ব্লকের একটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শো-কজ করেন বিডিও মানসকুমার গিরি। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার উলুবেড়িয়া-১ ব্লকের বিদ্যালয়ের মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল। ওই ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শো-কজ করেছেন উলুবেড়িয়া-১ বিডিও এইচ এম রিয়াজুল হক। তিনদিনের মধ্যে লিখিত উত্তর দিতে হবে প্রধান শিক্ষককে। 

Advertisement

উলুবেড়িয়া-১ ব্লক প্রশাসন সূত্রের খবর, সম্প্রতি ব্লকের ওই বিদ্যালয়ে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ সামনে আসে। বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ ওঠে, মিড ডে মিল পোর্টালে বিদ্যালয়ে উপস্থিত পড়ুয়ার সংখ্যা বেশি দেখানো হয়েছে। এতেই নড়চড়ে বসে ব্লক প্রশাসন। ব্লক প্রশাসন সূত্রের খবর, এরপরই সম্প্রতি একদিন আচমকা ওই বিদ্যালয় পরিদর্শন করা হয়। তাতেই নাকি দুর্নীতির বিষয়টি পরিষ্কার হয়ে যায়। দেখা যায়, পরিদর্শনের দিন বিদ্যালয়ে ৯০ জন পড়ুয়া উপস্থিত থাকলেও পোর্টালে সেই সংখ্যা ৫১৫ দেখানো হয়েছে! এখানেই শেষ নয়। পরদিন ফের সেখানে পরিদর্শনে গিয়ে দেখা যায়, সেদিন বিদ্যালয়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১৯৩ জন পড়ুয়া উপস্থিত থাকলেও পোর্টালে তা ৫০৮ দেখানো হয়েছে। এমনকী, মিড ডে মিল পড়ুয়াদের মধ্যে পরিবেশনের আগে শিক্ষকদের তা খেয়ে দেখার নির্দেশও মানা হচ্ছে না। 
বিডিও, এরপরই প্রধান শিক্ষককে শোকজ করেন। উলুবেড়িয়া-১ বিডিও বলেন, সরকারি প্রকল্পে ভুল তথ্য দেওয়ার মানে শিশুদের অধিকারের সঙ্গে অন্যায় করা। প্রধান শিক্ষক হলেন পথপ্রদর্শক। তাঁদের তরফে এই অনিয়ম অপ্রত্যাশিত এবং নিন্দনীয়। সংশ্লিষ্ট প্রধান শিক্ষকে শো-কজ করা হয়েছে। সন্তোষজনক উত্তর না পেলে ওঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ