কলকাতা পুরভোটে স্থগিতাদেশ জারি থাকলে কো অর্ডিনেটর নিয়োগ হবে: মুখ্যমন্ত্রী
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: কলকাতা পুরসভায় ভোট নিয়ে স্থগিতাদেশ জারি থাকলে ৩০নভেম্বরের পর কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে। মঙ্গলবার নন্দীগ্রামে সাংবাদিকদের এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘আমরা সুপ্রিম কোর্টে এসএলপি করছি। যদি সুপ্রিমকোর্ট কলকাতা ভ্যাকেশন বেঞ্চের স্টে অর্ডার খারিজ করে দেয়, তাহলে ভোট হয়ে যাবে। আর সুপ্রিমকোর্ট স্থগিতাদেশ জারি রাখার পক্ষে রায় দিলে ৩০নভেম্বরের পর কো-অর্ডিনেটর নিয়োগ করব। আমরা যথাসময়ে ভোট করাতে চাই। কিন্তু, যারা  ভোটে হারবে, প্রার্থী পাচ্ছে না, তারা নির্বাচন বন্ধ করতে চায়। নির্বাচন বন্ধ করলে বিকল্প হিসেবে কোঅর্ডিনেটর নিয়োগের ব্যবস্থা রয়েছে।’

Advertisement

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বুধবার দিল্লিতে থাকব। আগামী বছর ৯ ও ১০জানুয়ারি এরাজ্যেই প্রবাসী ভারতীয়দের নিয়ে অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার লোগো উদ্বোধন হবে। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অক্ষয় কুমার, রজনীকান্ত, পরেশ রাওয়াল সহ অনেক খ্যাতনামা শিল্পী থাকতে সম্মত হয়েছেন। এরাজ্যে আদানি আরোগ্য মন্দিরের ভূমিপূজন হয়েছে। ১৩নভেম্বরের পর যে কোনো দিন ক্যাম্পাকোলার প্লান্টে রিলায়েন্সের অনুষ্ঠানে আসবেন অনন্ত আম্বানি। তিনি ভূমিপূজনে থাকবেন। সজ্জন জিন্দাল আগামী জানুয়ারি মাসে শালবনীতে দ্বিতীয় পাওয়ার প্ল্যান্টের ভূমিপূজন করবেন।
আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আন্দোলনও শুরু হয়েছে। এবিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সুপ্রিমকোর্ট তাঁকে জামিন দিয়েছে। যাঁরা এনিয়ে আন্দোলন করছেন, তাঁরা সেখানে গিয়ে আন্দোলন করুন। সুপ্রিমকোর্ট এই মামলায় স্বতঃপ্রণোদিতভাবে ঢুকেছে। আমি প্রশাসনিক প্রধান। সুপ্রিমকোর্ট নিয়ে বলব না। অনেক জিনিস মুখে বলা যায় না। বুঝে নিতে হয়। আমি অভয়ার পরিবারের সঙ্গে আছি।’