গরমকালে রান্নার ধরনে বদল আনুন। এখন আর মাংসের কোর্মা, চাঁপ নয়, বরং রান্না করুন সবজি সহ। হালকা পাতলা রান্না স্বাদ ও স্বাস্থ্যে ভরপুর।
গরমকালে রান্নার ধরনে বদল আনুন। এখন আর মাংসের কোর্মা, চাঁপ নয়, বরং রান্না করুন সবজি সহ। হালকা পাতলা রান্না স্বাদ ও স্বাস্থ্যে ভরপুর।
বাঙালি মাটন স্টু
উপকরণ: মাটন পিস, বড় চৌকো করে কাটা পেঁপের টুকরো ২টি, লম্বা করে কাটা বিনস ৫-৬টি, লম্বা টুকরোয় কাটা গাজর ২টো, বড় চৌকো করে কাটা ক্যাপসিকাম ২ পিস, ১টি মাঝারি সাইজের আলু ২ টুকরো করে কাটা, সরু লম্বা করে কাটা আদা কুচি ১ চা চামচ, মিহি করে কাটা রশুন ১ চা চামচ, সরু লম্বা করে কাটা পেঁয়াজ কাপ, কাঁচা লংকা কুচি স্বাদমতো, গরমমশলা (ছোট এলাচ ২টি, লবঙ্গ ১টি, দারচিনি ছোট ১ টুকরো), তেজপাতা ১টি, ঘি ১ টেবিল চামচ, সাদা তেল ২ টেবিল চামচ, নুন স্বাদমতো।
প্রণালী: কড়াইতে সাদা তেল গরম করে তাতে তেজপাতা ও থেঁতো করা গোটা গরমমশলা ফোড়ন দিন। সুগন্ধ উঠলে লংকা কুচি, রশুন ও আদা কুচি দিয়ে সামান্য নাড়াচাড়া করুন। এর উপর পেঁয়াজ কুঁচি দিয়ে ভেজে নিন। এরপর মাটন যোগ করুন ও ভাজুন। কড়াইতে সব সবজি ও পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দিন। মাঝারি আঁচে রান্না হতে দিন। পরিমাণ মতো জল দিয়ে সবটা প্রেশার কুকারে ঢেলে সেদ্ধ হতে দিন। একটি সিটি তুলে আঁচ একদম কমিয়ে ১০ মিনিট রেখে দিন। ঘি ছড়িয়ে পরিবেশন করুন।
ওল কিমার ডালনা
উপকরণ: ওল ২৫০ গ্রাম, মাটন কিমা ২০০ গ্রাম, মাঝারি সাইজের আলু ১টি, পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ, আদা রশুন বাটা ১ টেবিল চামচ, টম্যাটো বাটা কাপ, ধনে-ঝিরে গুঁড়ো ১ চা চামচ, লংকার গুঁড়ো চা চামচ, হলুদ গুঁড়ো চা চামচ, গরমমশলার চা চামচ, কাঁচা লংকা ২টি, তেজপাতা ১টি, গোটা জিরে ফোড়নের জন্য, নুন মিষ্টি স্বাদমতো, সরষের তেল প্রয়োজন মতো, ঘি ১ চা চামচ।
প্রণালী: আলুর খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিন। মাঝারি টুকরো করে ওল কেটে নিন। কিমাতে নুন হলুদ ও সামান্য সরষের তেল মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিন। কড়ায় তেল গরম করে ওল ও আলু ভেজে তুলে নিন। কড়ার তেলে আরও কিছুটা তেল যোগ করে তেজপাতা, জিরে, কাঁচা লংকা ফোড়ন দিন। ফোড়নের ওপর সব বাটা মশলা, গুঁড়ো মশলা, স্বাদমতো নুন, চিনি ও টম্যাটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। তেল ছাড়লে কিমা, ভেজে নেওয়া ওল ও আলু যোগ করে মিনিট দশেক রান্না করুন। এক কাপ মতো গরম জল যোগ করুন। সবজি ও কিমা প্রেশার কুকারে রেখে একটি সিটি দিয়ে মৃদু আঁচে পাঁচ মিনিট রান্না করে নামিয়ে নিন। ঘি ছড়িয়ে পরিবেশন করুন।
কিমার লাবড়া
উপকরণ: মাটন কিমা ২০০ গ্রাম, ছোট সাইজের আলু ১টি, ছোট টম্যাটো ১টি, পটল ২টি, ছোটো আকারের ঝিঙে ১টি, ছোটো বেগুন ১টি, কুদরি ৫-৬ টি, সরু ১ ফালি কুমড়ো, সজনে ডাঁটা ১টি, ছোট রাঙাআলু ১টি, ছোট সাইজের মূলো ১টি, পেঁয়াজ কুচি কাপ, রশুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, ধনে জিরে গুঁড়ো ১ চা চামচ, শুকনো লংকার গুঁড়ো চা চামচ, হলুদ চা চামচ, গোটা গরমমশলা সামান্য, তেজপাতা ১টি, কাঁচা লংকা ২টি, পাঁচফোড়ন আন্দাজমতো, নারকেল কোরা ২ টেবিল চামচ, নুন, চিনি স্বাদমতো, সরষের তেল প্রয়োজন মতো।
প্রণালী: আলু, পটল, ঝিঙে, কুমড়ো, মূলো, রাঙাআলুর খোসা ছাড়িয়ে ছোটো টুকরোয় কেটে নিন। ডাঁটা, বেগুন ও কুদরি ছোটো টুকরোতে কেটে নিন। কিমাতে আন্দাজ মতো নুন, হলুদ মাখিয়ে নিন। কড়াইতে তেল গরম করে সব সবজি ভেজে তুলে নিন। কড়াইয়ের তেলে আরও কিছুটা তেল যোগ করে গোটা গরমমশলা, পাঁচফোড়ন, তেজপাতা ও চেরা কাঁচা লংকা ফোড়ন দিন। সুগন্ধ উঠলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ নরম হলে টম্যাটো কুচি, আদা রশুন বাটা, ধনে-জিরে গুঁড়ো, লংকা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও স্বাদমতো নুন চিনি যোগ করে মশলা কষিয়ে নিন। তাতে কিমা যোগ করে মিনিট দশেক রান্না করুন ঢাকা দিয়ে। এরপর এক কাপ জল কিমাতে যোগ করে কিমা সেদ্ধ হতে দিন। প্রায় সেদ্ধ হয়ে এলে ভেজে নেওয়া সব সবজি যোগ করুন। সবজি ও কিমা সেদ্ধ হয়ে গেলে নারকেল কোরা যোগ করে নামিয়ে নিন।
শ্রাবণী রায়