Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহার: এখনও ফাঁকা নাটাবাড়ি-সিতাই, বিজেপির প্রার্থী ঘোষণার দিকে তাকিয়ে বংশীবদন

এখন বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার দিকে তাকিয়ে আছেন গ্রেটার নেতা বংশীবদন বর্মন। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপিকে সমর্থনের কথা জানিয়েছেন বংশীবদন।

কোচবিহার: এখনও ফাঁকা নাটাবাড়ি-সিতাই, বিজেপির প্রার্থী ঘোষণার দিকে তাকিয়ে বংশীবদন
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: এখন বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার দিকে তাকিয়ে আছেন গ্রেটার নেতা বংশীবদন বর্মন। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপিকে সমর্থনের কথা জানিয়েছেন বংশীবদন। কিন্তু বিজেপি এখনও নাটাবাড়ি ও সিতাই বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি। এই দুটি আসনে শেষ পর্যন্ত গ্রেটার নেতা বংশীবদন বর্মন ঘনিষ্ঠ কাউকে প্রার্থী করা হয়, নাকি অন্য কোনো বিজেপি নেতাকে দল প্রার্থী করবে, তা নিয়েই জোর জল্পনা চলছে দুই শিবিরেই।

Advertisement

কোচবিহারের ন’টি বিধানসভা আসনে তৃণমূল যেখানে প্রার্থী দিয়ে প্রায় এক পর্ব প্রচার সেরে ফেলেছে সেখানে নাটাবাড়ি ও সিতাই কেন্দ্রে বিজেপি এখনও তাদের প্রার্থীর নামই ঘোষণা করতে পারেনি। গত বিধানসভা নির্বাচনে নাটাবাড়িতে বিজেপি জিতেছিল। কিন্তু সেই কেন্দ্রে এখনও প্রার্থীর নাম ঘোষণা হয়নি। অপরদিকে সিতাইয়ে বিজেপির সংগঠন তেমন না থাকলেও এই কেন্দ্রেও বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি। এদিকে, গ্রেটার নেতা বংশীবদন বর্মন এবারের বিধানসভা নির্বাচনে বিজেপিকে সমর্থনের কথা জানিয়েছেন। এই আবহে কোচবিহারের এই দু’টি আসনে বংশীবদনের ঘনিষ্ঠদের প্রার্থী করা হবে কি না তা নিয়ে বিজেপির অন্দরে জোর জল্পনা শুরু হয়েছে। বিজেপি কর্মীদের একটা বড় অংশ মনে করছে, এই দুই আসনে বংশীবদন ঘনিষ্ঠ কোনো গ্রেটার নেতাকে প্রার্থী করলে তাঁদের হয়েই বিজেপি কর্মীদের ময়দানে নামতে হবে। ফলে পুরো বিষয়টি নিয়ে বিজেপির অন্দরে এখনও ধোঁয়াশা রয়েছে। ওই দুই আসনের কর্মীরা বুঝেই উঠতে পারছেন না শেষ পর্যন্ত কারা এখানে প্রার্থী হবেন? মুখে যদিও তাঁরা বলছেন সব রকমের প্রস্তুতি তাঁদের নেওয়া আছে। যখনই প্রার্থীর নাম ঘোষণা হবে তখনই তাঁরা ময়দানে নেমে পড়বেন। কিন্তু কবে প্রার্থীর নাম ঘোষণা হবে ও কে প্রার্থী হবেন তা নিয়ে এখনও পুরোপুরি অন্ধকারে রয়েছেন স্থানীয় নেতৃত্ব।
গ্রেটার নেতা বংশীবদন বর্মন বলেন, বিজেপিকে সমর্থনের কথা আমরা আগেই ঘোষণা করেছি। তাদের সঙ্গে আসন সমঝোতার সাপেক্ষেই আলোচনা হয়েছিল। এখন নাটাবাড়ি ও সিতাই কেন্দ্র দু’টিতে আমাদের কাউকে প্রার্থী করা হয় কি না, আমরা সেদিকে তাকিয়ে রয়েছি। বিজেপি প্রার্থী ঘোষণা করলে তবেই বিষয়টি স্পষ্ট হবে। 
বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, ওই দুই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা শীর্ষ নেতৃত্ব করবে। তারা সব দিক বিচার বিবেচনা করেই প্রার্থীর নাম ঘোষণা করবে। তবে প্রার্থীর নাম ঘোষণায় কিছুটা দেরি হচ্ছে একথা অস্বীকার করা যায় না। তাই যত দ্রুত সম্ভব ওই দুই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা প্রয়োজন। আর নাম ঘোষণা হলেই কার্যকর্তারা ময়দানে নেমে পড়বেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ