Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহার পুরসভা: ইস্তফা আরও চার কাউন্সিলারের, হোঁচট খেতে পারে বোর্ড গঠনের চেষ্টা

কোচবিহার পুরসভায় নাটকীয় মোড়। একদিকে তৃণমূল কাউন্সিলারদের একাংশ নতুন বোর্ড গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কোচবিহার পুরসভা: ইস্তফা আরও চার কাউন্সিলারের, হোঁচট খেতে পারে বোর্ড গঠনের চেষ্টা
  • ২৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার পুরসভায় নাটকীয় মোড়। একদিকে তৃণমূল কাউন্সিলারদের একাংশ নতুন বোর্ড গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, তখন বুধবার সকাল থেকে শুরু হয় জোড়াফুলের কাউন্সিলারদের পদত্যাগের হিড়িক। এদিন প্রাক্তন পুর চেয়ারম্যান ভূষণ সিং, ভাইস চেয়ারপার্সন আমিনা আহমেদ সহ চারজন কাউন্সিলার ইস্তফা দেন। এমন আবহে শেষপর্যন্ত কোচবিহার পুরসভা কী প্রশাসকের হাতে যেতে চলেছে, এমনটাই প্রশ্ন ওয়াকিবহাল মহলের। 

Advertisement

সোমবারই চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন টিএমসি কাউন্সিলার দিলীপ সাহা। ৪৮ ঘণ্টা যেতে না যেতেই বুধবার একএক করে কাউন্সিলার পদত্যাগ করেন। সকালে ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শুভ্রাংশু সাহা এসডিও’ অফিসে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়ে আসেন। শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে তিনি কাউন্সিলার পদ থেকে ইস্তফা দেন। তাঁর দাবি, আমি অসুস্থ। তাই কাউন্সিলার পদ থেকে সরে এলাম। কিছুক্ষণ পর ইস্তফাপত্র জমা দেন ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার মায়া সাহা। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। 
এদিকে, বিকেলে ইস্তফা দেন নির্দল কাউন্সিলার ভূষণ সিং। ভাইস চেয়ারপার্সনও পদত্যাগ করেন। ভূষণবাবু বলেন, কোচবিহার পুরসভায় ডামাডোল পরিস্থিতি চলছে। চেয়ারম্যান নেই। ফান্ড নেই। ফলে মানুষের জন্য কাজ করতে পারছি না। নিজের ওয়ার্ডের বাসিন্দাদের থেকে প্রতিপদে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। তাই কাউন্সিলার পদ থেকে ইস্তফা দিলাম। অন্যদিকে, আমিনা আহমেদের বক্তব্য, কোচবিহারবাসীর ভালোবাসায় গত ১৬ বছর ধরে মানুষকে পরিষেবা দিয়ে আসছি। রাজ্যে এবার সরকার পরিবর্তন হয়েছে। বিভিন্ন কারণে মানুষকে আগের মতো পরিষেবা দেওয়া যাচ্ছে না। তাই পদ আগলে না রেখে কাউন্সিলার পদ থেকে ইস্তফা দিলাম। 
এদিকে, চেয়ারম্যান দিলীপ সাহা ইস্তফা দেওয়ার পর নতুন করে বোর্ড গঠনের দাবি জানিয়েছিলেন প্রাক্তন চেয়ারম্যান ঋতপন্থী তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। এখনও বিদ্রোহী তৃণমূল কাউন্সিলারদের একাংশ সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এরই মধ্যে কাউন্সিলারদের পদত্যাগের হিড়িক পড়ায় জল অন্যদিকে গড়াচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যেভাবে কাউন্সিলাররা ইস্তফা দিচ্ছেন, তাতে নতুন বর্ড গঠন সম্ভব নয়। এমনটা চলতে থাকলে রাজ্য সরকার যে পুরসভায় প্রশাসক বসাবে, তা অনেকটাই স্পষ্ট হচ্ছে। • পদত্যাগ ভূষণ সিংয়ের। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ