৩ ফেব্রুয়ারি সমাবর্তন, এই প্রথম আসছেন রাজ্যপাল,দেওয়া হবে ১৫ হাজার শংসাপত্র
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: শেষবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান হয়েছিল ২০১৯ সালের শুরুতে। স্বাভাবিক ভাবেই আট বছরে বিশ্ববিদ্যালয়ে জমে গিয়েছে প্রায় ১৫ হাজার শিক্ষার্থীর শংসাপত্র। যা আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে (আগামী বছর ৩ ফেব্রুয়ারি) রাজ্যপাল তথা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের আচার্য আরএন রবির উপস্থিতিতে প্রদান করার উদ্যোগ নিয়েছে রাAয়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সব শিক্ষার্থীদের নামের তালিকা তৈরি করেছেন। সেই সঙ্গে সমাবর্তন অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে। 

Advertisement

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অর্ণব সেন বলেন, এখনও পর্যন্ত হিসেব চলছে। দীর্ঘ আট বছর ধরে জমে থাকা শংসাপত্রের সংখ্যা প্রায় ১৫ হাজার। শংসাপত্র প্রাপকদের মধ্যে রয়েছেন, স্নাতক, স্নাতকোত্তর স্তরের পড়ুয়া সহ গবেষকরা। সকলকেই বিশ্ববিদ্যালয়ের তরফে ডাকা হবে। সমাবর্তন অনুষ্ঠানে প্রথমবার আচার্য রাজ্যপালের হাত থেকে উত্তরের এই বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষার্থীরা শংসাপত্র গ্রহণ করবেন।
প্রসঙ্গত, মাঝে প্রায় পাঁচ বছর বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য হিসেবে কেউ ছিলেন না। চলতি বছর ফেব্রুয়ারিতে স্থায়ী উপাচার্য নিযুক্ত হন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার বিভাগীয় প্রধান অর্ণব সেন। তারপরই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের ব্যাপারে তোড়জোড় শুরু হয়। প্রথমে গঠিত হয় বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ এক্সিকিউটিভ কাউন্সিল। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কোর্ট গঠনও সম্পন্ন করে ফেলে কর্তৃপক্ষ। আর এই নানাবিধ প্রক্রিয়া শেষে সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়। আবার আমন্ত্রণে সাড়া দিয়ে রায়গঞ্জ কর্ণজোড়া অডিটোরিয়ামে সমাবর্তন অনুষ্ঠানে নিশ্চিত ভাবে যোগ দেওয়ার ব্যাপারেও বিশ্ববিদ্যালয়কে বার্তা দিয়ে রেখেছেন রাজ্যপাল। স্বাভাবিকভাবেই সমাবর্তন অনুষ্ঠান নিয়ে ধাপে ধাপে প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 
এদিকে শুধু সমাবর্তন নয়। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ কয়েকটি শূন্যপদ পূরণেও বিশ্ববিদ্যালয়ের তরফে উদ্যোগ শুরু হয়েছে। উল্লেখযোগ্য ভাবে স্থায়ী পরীক্ষা নিয়ামক এবং ডিন ও ইঞ্জিনিয়ারের শূন্যপদ পূরণের ব্যাপারে ইতিমধ্যে উচ্চশিক্ষা দপ্তরকে প্রস্তাব দেওয়া হয়েছে। যাতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে স্থায়ী কর্মী নিয়োগ হয়। আবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত দশতলা ভবন চালু করার ব্যাপারে দ্রুত উদ্যোগ চায় কর্তৃপক্ষ। কারণ ওই ভবনে এখনও বিদ্যুতের কাজ সম্পন্ন হয়নি। আসবাবপত্র আনার কাজও শেষ হয় নি। স্বাভাবিক ভাবেই এখনও বিশ্ববিদ্যালয়ের পুরোনো ক্লাসরুমগুলিতে ক্লাস চলছে।