সুকমল দালাল, বোলপুর: পাঁচ বছরের অপেক্ষার অবসান। অবশেষে প্রথম সমাবর্তন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়। আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এই অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০২২ থেকে ২০২৬—এই পাঁচ বছরে উত্তীর্ণ মোট ১০৫৪ জন পড়ুয়ার হাতে শংসাপত্র তুলে দেওয়ার ভাবনা রয়েছে। প্রথম সমাবর্তন ঘিরে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে শিক্ষক, অধ্যাপক ও কর্মীদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ।
২০২০ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়। প্রাথমিক পর্বে আইটি হাবের ভাড়া করা ভবনেই চলত ক্লাস। ২০২৪ সালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন হয়। বর্তমানে ১৯টি বিভাগে স্নাতকোত্তরস্তরে পড়াশোনার সুযোগ রয়েছে। আগামীদিনে পঠনপাঠনের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এতদিন গভর্নিং বডি না থাকায় এই অনুষ্ঠান করা যায়নি। এর মধ্যে বহু পড়ুয়া স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। কিন্তু সমাবর্তন না হওয়ায় শংসাপত্র হাতে পাননি অনেকে। ফলে, উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয়েছে তাঁদের। এই পরিস্থিতি বিবেচনা করেই চলতি বছরে বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন করা হয়। এরপরই প্রথম সমাবর্তন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠান আয়োজনের দিন ধার্য করা হয়েছে। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উচ্চশিক্ষা দপ্তরের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু তালেব খান বলেন, ‘ছেলেমেয়েরা পাস করার পর ডিগ্রি যদি আমরা বছর বছর সমাবর্তন করে দিতে পারি, তাহলে ভালো হয়। কিন্তু, কিছু প্রযুক্তিগত কারণে এবং আমাদের গভর্নিং বোর্ড না থাকার কারণে সমাবর্তন করা যায়নি। আমরা সমাবর্তনের জন্য ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের আচার্য থেকে শুরু করে শিক্ষামন্ত্রী, সকলকে জানিয়েছি। আমরা আশা করছি, আচার্যের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে।’ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী আঁখি মণ্ডল বলেন, ‘প্রথমবার সমাবর্তন অনুষ্ঠান হতে চলেছে। স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে যথেষ্ট আনন্দ ও উন্মাদনা রয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শংসাপত্র হাতে পাব, এটা ভেবেই খুব ভালো লাগছে।’



