নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোলের বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ হাসপাতালে সাড়ম্বরে সমাবর্তন হল। আসানসোলের এই প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান বহু হোমিওপ্যাথি চিকিৎসক উপহার দিয়েছে। ১৯৮০ সালে এই কলেজে ডিএমএস কোর্সের অনুমোদন দেয় কাউন্সিল অব হোমিওপ্যাথিক মেডিসিন। ১৯৯৫-’৯৬ শিক্ষাবর্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয় ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি কোর্সের অনুমোদন দেয়। ২০০৪-’০৫ অর্থবর্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের অনুমোদন পায় এই কলেজ।
সমাবর্তন উপলক্ষ্যে কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ডঃ শক্তিজ্যোতি বিশ্বাসের উদ্যোগে ‘এম-প্যাথি’ ম্যাগাজিন প্রকাশিত হয়। চিকিৎসক পড়ুয়া ও অধ্যাপকরা নিজেদের লেখা দিয়ে ম্যাগাজিনটি সমৃদ্ধ করেছেন। ২০২৪-’২৫ শিক্ষাবর্ষে কোর্স উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সমাবর্তনে শংসাপত্র দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল পুরসভার ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ছাত্র নেতা অভিনব মুখোপাধ্যায়। কলেজের অধ্যক্ষ রামকৃষ্ণ ভট্টাচার্য ও অ্যাডমিনিস্ট্রেটর রোহিনীকুমার মণ্ডল সমাবর্তন অনুষ্ঠান সফল হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।-নিজস্ব চিত্র