Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চেঙ্গাইলে যুবক খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন কারাদণ্ড

খুনের ঘটনায় দোষী সাব্যস্তকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন বিচারক

চেঙ্গাইলে যুবক খুনের ঘটনায়  দোষীর যাবজ্জীবন কারাদণ্ড
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: খুনের ঘটনায় দোষী সাব্যস্তকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন বিচারক। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন তিনি। ২০২৪ সালের ১২ এপ্রিল চেঙ্গাইলের কলাবাগানের বাসিন্দা বাপন মান্নাকে খুন করা হয়। সেই ঘটনাতেই সোমবার উলুবেড়িয়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারপতি (১) অনির্বাণ চৌধুরী দোষী সাব্যস্ত আকাশ জানাকে এই সাজা শুনিয়ছেন। গত শুক্রবার বিচারক এই মামলায় তাকে দোষী সাব্যস্ত ঘোষণা করেছিলেন। সোমবার সাজা ঘোষণা হয়।

Advertisement

সরকার পক্ষের আইনজীবী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত বছর ১২ এপ্রিল রাতে বাপন মান্না ও তাঁর দাদা লক্ষ্মণ মান্না যখন বাইকে চেপে চেঙ্গাইল স্টেশনের পাশ দিয়ে কলাবাগানের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে একটি জটলা দেখে তাঁরা থেমে যান। তাঁরা দেখেন, স্থানীয় বাসিন্দা আকাশ জানা ও তার ভাই সাগর জানা কয়েকজনের সঙ্গে ঝামেলা করছে। রাস্তা আটকে ঝামেলা করায় বাপন ও লক্ষ্মণ প্রতিবাদ করেন। আকাশ ও সাগরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। বিষয়টি তখনকার মতো মিটেও যায়। বাপন ও লক্ষ্মণ উলুবেড়িয়ার দিকে নিজেদের কাজে চলে যান। এরপর রাত ১টা নাগাদ তাঁরা দু’জন বাড়ি ফেরার সময় আকাশ বাপনকে বাইক থেকে নামিয়ে ছুরি দিয়ে কোপায়। সঙ্গে ছিল সাগর। দু’জনেই চম্পট দেয়। বাপনকে আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বাপনের পরিবার আকাশ ও সাগরের নামে পুলিসে অভিযোগ করলে উলুবেড়িয়া থানার পুলিস পরের দিনই তাদের গ্রেপ্তার করে। 
এর ৯০ দিনের মাথায় পুলিস দু’জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করে। গত শুক্রবার বিচারক আকাশের যমজ ভাই সাগরকে বেকসুর খালাস ঘোষণার পাশাপাশি আকাশকে দোষী সাব্যস্ত করেন। এই দু’জন জেলে থাকা অবস্থাতেই মামলার শুনানি চলেছে।    নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ