নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ৬ ডিসেম্বর বিতর্কিত বাবরি ধ্বংসের দিন। সেখানে গড়ে উঠেছে রামমন্দির। আর তা নিয়েই বুধবার বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ। চাঁচাছোলা ভাষায় বললেন, আমি জীবনে কোনোদিন অযোধ্যার রামমন্দির দেখতে যাব না। কেন না রামকে আমি পুরষোত্তম বলে মনেই করি না। যে নিজের স্ত্রী, পুত্রকে ছেড়ে দিতে পারে, সে কী করে ভগবান হয়? প্রশ্ন তুলে কীর্তি আজাদ জানান, আমি বিহারের মিথিলার মানুষ। যেখানে মাতা সীতার জন্ম। তাই আমি রামকে কোনোভাবেই ভগবান বলে মানতে রাজি নই। তাছাড়া আমাদের দেশে ৩ হাজার ২০০ কোটি দেবদেবীর মধ্যে ভগবান রামই কি একমাত্র ঈশ্বর? সওয়াল ছুঁড়েছেন তিনি। পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুরের এই সাংসদ আরও বলেন, আমি কামাখ্যায় যাই। মা কালীর পুজো করি। কালী আমার আরাধ্য দেবীও। আমার বাবা দুর্গার ভক্ত ছিলেন। আমি মা কালীর ভক্ত। আর সীতামাতার জন্মস্থানের মানুষ। তাই রামমন্দির আমি যাব না। মাতা সীতার জন্য বরং লড়ে যাব। আমি কালী কামাখ্যা, দক্ষিণা কালী, কালীঘাট এবং দিল্লির গোল মার্কেটে অবস্থিত কালীমন্দিরেও যাই।



