নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: গরিব মানুষের ঘর বিলির প্রশাসনিক রিপোর্ট ঘিরেই বিতর্ক শিলিগুড়িতে। প্রশাসন সূত্রে খবর, মহকুমায় পশ্চিমবঙ্গ আবাস স্কিমের (পিবিএএস) দ্বিতীয় কিস্তির টাকা পাননি পাঁচ হাজার উপভোক্তা। যারমধ্যে লিন্টেল পর্যন্ত গৃহ নির্মাণ করেছেন তিন হাজারেরও বেশি উপভোক্তা। প্রশাসনিক এমন রিপোর্ট নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, বিজেপি সরকার কথা দিয়েও তা রক্ষা করতে পারেনি। ফলে গরিব মানুষের গৃহ নির্মাণ থমকে। পালটা বিজেপির বক্তব্য, রাজনৈতিক জমি হারিয়ে তৃণমূলীরা অহেতুক গলাবাজি করছেন। নিয়ম মেনে যারা গৃহ নির্মাণ করছেন, তাঁরা অবশ্যই অর্থ পাবেন।
প্রশাসনের আধিকারিকরা অবশ্য বলেন, পিবিএএসের কাজ সন্তোষজনক গতিতে চলছে। যারা লিন্টেল পর্যন্ত নির্মাণ কাজ আগে করেছেন, তারা দ্বিতীয় কিস্তির টাকা আগে পাচ্ছেন। কাজেই, বিষয়টি নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। যারা ঘরের লিন্টেল পর্যন্ত নির্মাণ করেছেন, তারা সকলেই দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন।
নিয়মিত পিবিএএসের অগ্রগতি পর্যালোচনা করছে রাজ্য সরকার। এজন্য মঙ্গলবার জেলা প্রশাসন ও রাজ্য সরকারের কাছে সংশ্লিষ্ট প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে একটি রিপোর্ট পেশ করে শিলিগুড়ি মহকুমা পরিষদ। প্রশাসন সূত্রে খবর, সংশ্লিষ্ট প্রকল্পে মোট উপভোক্তা ১১ হাজার ৫৬২ জন। এরমধ্যে প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন ১১ হাজার ৩৮২ জন। এতে লিন্টেল পর্যন্ত গৃহ নির্মাণ করেছেন ৮৪৪৯ জন। এমন উপভোক্তার সংখ্যা ফাঁসিদেওয়া ব্লকে সর্বাধিক, ৪২৪২ জন। এরবাইরে খড়িবাড়িতে ২৩৯৯, নাকশালবাড়িতে ১৪৩৬ এবং মাটিগাড়ায় ৩৭২ জন।
সংশ্লিষ্ট উপভোক্তাদের মধ্যে প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাননি ৩৩০০ জন। এমন উপভোক্তার সংখ্যা ফাঁসিদেওয়া ব্লকে সর্বাধিক, ১৫৩৪ জন। এরবাইরে খড়িবাড়িতে ১০২১, নকশালবাড়িতে ৬৮০ ও মাটিগাড়ায় ৬৫ জন উপভোক্তা লিন্টেল পর্যন্ত নির্মাণ করেও প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাননি।
এনিয়ে মহকুমা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তৃণমূলের প্রিয়াঙ্কা বিশ্বাস বলেন, বিজেপি সরকার কথা দিয়েও তা রাখেনি। ফলে গরিব গ্রামবাসীদের গৃহ নির্মণ থমকে গিয়েছে। পালটা মহকুমা পরিষদের বিরোধী দলনেতা বিজেপির অজয় ওরাওঁ বলেন, ওই উপভোক্তারা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। ছিন্নভিন্ন হয়ে যাওয়া তৃণমূলীরা হাওয়া গরম করতে অহেতুক এসব বলছেন।
একইসঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পে এখনও ঘরের লিন্টেল পর্যন্ত নির্মাণ করতে পারেননি ১৭০২ জন উপভোক্তা। এমন উপভোক্তা ফাঁসিদেওয়ার সবচেয়ে বেশি, ৮৭৮ জন। এঁরাও এখনও প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ পাননি। এক্ষেত্রে মহকুমা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে ওই বাড়িগুলি নির্মাণের কাজে গতি আসেনি। পরিষদের বিরোধী দলনেতার বক্তব্য, অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।



