Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফোরশোর রোডে শাসক দলের পোস্টার ও ব্যানার ছেঁড়ার অভিযোগ ঘিরে বিতর্ক তুঙ্গে

একুশে জুলাই উপলক্ষ্যে লাগানো তৃণমূলের ব্যানার, পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল হাওড়া শহরে। সম্প্রতি শহরের বিভিন্ন জায়গার পাশাপাশি ফোরশোর রোডেও একুশে জুলাই উপলক্ষ্যে প্রচুর পোস্টার ও ব্যানার লাগিয়েছিল তৃণমূল।

ফোরশোর রোডে শাসক দলের পোস্টার ও ব্যানার ছেঁড়ার অভিযোগ ঘিরে বিতর্ক তুঙ্গে
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: একুশে জুলাই উপলক্ষ্যে লাগানো তৃণমূলের ব্যানার, পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল হাওড়া শহরে। সম্প্রতি শহরের বিভিন্ন জায়গার পাশাপাশি ফোরশোর রোডেও একুশে জুলাই উপলক্ষ্যে প্রচুর পোস্টার ও ব্যানার লাগিয়েছিল তৃণমূল। বৃহস্পতিবার সকালে দেখা যায়, কেউ বা কারা ওই ব্যানারগুলি দুমড়ে-মুচড়ে ফেলে দিয়েছে। এমনকী, পোস্টারে প্রচারক হিসেবে যে অংশে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল, সেই অংশটি ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে জেলায় রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বলে সুর চড়িয়েছে বিজেপি। যদিও তৃণমূলের দাবি, দলের ঐক্য নষ্ট করতে দুষ্কৃতীদের দিয়ে বিরোধীরাই এমন ঘটনা ঘটিয়েছে। 

Advertisement

একুশে জুলাইয়ের প্রচারে কোমর বেঁধে নেমেছেন তৃণমূলের হাওড়া সদর ও গ্রামীণের নেতা-কর্মীরা। সাংসদ, মন্ত্রী, বিধায়ক থেকে যুব তৃণমূল নেতৃত্ব- প্রত্যেকেই নিজ নিজ এলাকায় প্রচারের দায়িত্ব সামলাচ্ছেন। হাওড়া শহরের কাজিপাড়া মোড় থেকে জগৎ ব্যানার্জি ঘাট রোড হয়ে ফোরশোর রোড জুড়ে দু’পাশে লাইটপোস্ট ও ফুটপাতের রেলিংয়ে প্রচুর সংখ্যায় ব্যানার-পোস্টার লাগানো হয়েছিল। প্রতিটি ব্যানারে দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নীচে প্রচারক হিসেবে হাওড়া জেলা পরিষদের মেন্টর রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। অভিযোগ, বুধবার রাতে কেউ বা কারা ওই ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলে। শুধু তাই নয়, বেছে বেছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামের অংশটি ছিঁড়ে ফেলা হয়েছে। এদিন সকালে বিষয়টি নজরে আসতেই সরব হয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার নামের অংশ ছিঁড়ে ফেলার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল দলনেত্রীর ছবি ছিঁড়ে ফেলা। এই ধরনের দুষ্কৃতীমূলক ঘটনা কখনই বরদাস্ত উচিত নয়। দোষীদের চিহ্নিত করতে বলেছি পুলিসকে’।
ফোরশোর রোডের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিস। বিষয়টি নিয়ে তৃণমূলের হাওড়া জেলা সদরের সভাপতি গৌতম চৌধুরী বলেন, ‘একুশে জুলাইয়ের প্রচারের জন্য দলের প্রত্যেক নেতা-কর্মী পোস্টার ও ব্যানার লাগাচ্ছেন। এর সঙ্গে আমাদের প্রত্যেকের ভাবাবেগ জড়িয়ে রয়েছে। পোস্টার ছিঁড়ে ফেলার মতো ঘৃণ্য কাজ দলের কেউ করতে পারে না। তৃণমূলের ঐক্যকে নষ্ট করতে বিরোধী রাজনৈতিক দল এই চক্রান্ত করছে। পুলিস কড়া ব্যবস্থা নিক।’
যদিও শহরের ৩৬ নম্বর ওয়ার্ডের এই রাস্তায় তৃণমূলের পোস্টার ছেঁড়ার ঘটনা নতুন কিছু নয়। গত এপ্রিল মাসে রাজীব বন্দ্যোপাধ্যায় হাওড়া জেলা পরিষদের মেন্টর হিসেবে দায়িত্ব গ্রহণের দিনও একই ঘটনা সামনে এসেছিল। এদিনের ঘটনাকে তৃণমূলের অভ্যন্তরীণ ঝামেলা বলে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির রাজ্য কমিটির সম্পাদক উমেশ রাই বলেন, ‘বিরোধীদের নামে দোষ দিয়ে কোনও লাভ নেই। তৃণমূলের অন্দরের ঝামেলার কারণেই পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটেছে। রাজীববাবুকে নিয়ে হাওড়ায় তৃণমূল কর্মীদের মধ্যে যে ক্ষোভ রয়েছে, তা কারও অজানা নয়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ