শিক্ষা সংসদের লোগো নিয়ে বিতর্ক
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উপরে ভরসা অনেকসময় যে বিপদ ডেকে আনতে পারে, তা হাড়ে হাড়ে টের পেল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবার উচ্চমাধ্যমিকের প্রথম সেমেস্টারের ফল প্রকাশিত হয়। বিদ্যাসাগর ভবনের অষ্টম তলে, রবীন্দ্র মিলন মঞ্চে সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করছিলেন অসিতকুমার মণ্ডল। তবে দেখা যায়, সাংবাদিক বৈঠকের পিছনে যে ব্যানার রয়েছে তাতে সংসদের লোগোটি বিকৃত। আসল লোগোতে বাংলা এবং ইংরেজিতে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ লেখা রয়েছে। রয়েছে একটি সংস্কৃত বাণীও। তবে ব্যানারের লোগোতে সেগুলি অনুপস্থিত। বর্ণগুলিও বিকৃত। তখন প্রশ্ন ওঠে, তাহলে কি নতুন সরকার সংসদের লোগোও পালটে দিল? এনিয়ে সংসদের তরফে সভাপতি বলেন, ‘এটি অনিচ্ছাকৃত ছাপার ভুল। প্রিন্টিং সংস্থার তরফেই ভুলটি হয়েছে। এ বিষয়ে সংসদ যথাযথ ব্যবস্থা নেবে। সংসদের লোগোর পরিবর্তন হয়নি।’ সূত্রের খবর, ছাপার সময় এআই ব্যবহার করে লোগোটি তৈরি করা হয়েছে। সে কারণেই এই বিপত্তি।

Advertisement