বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: ‘বন্দে মাতরম’ চলাকালীন দাঁড়িয়েছিলেন ধর্মীয় নেতারা। তাতেই জোর বিতর্ক কাশ্মীরে। ঘটনা গত ২৩ নভেম্বরের। শের-ই-কাশ্মীর কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। আয়োজক ছিলেন জম্মু-কাশ্মীর ওয়াকফ বোর্ডের চেয়ারপার্সন দারাখশান আন্দ্রাবি। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর উপস্থিতিতে ‘বন্দে মাতরম’-এর ছ’টি স্তবকই পরিবেশন করা হয়। গান চলাকালীন একাধিক ধর্মীয় নেতা ও বিশিষ্ট ব্যক্তি দাঁড়িয়ে সম্মান জানান। তাঁদের মধ্যে ছিলেন ন্যাশনাল কনফারেন্সের সাংসদ তথা গুজ্জর নেতা মিয়াঁ আলতাফ আহমেদ, শিয়া নেতা ইমরান আনসারি এবং সুন্নি নেতা আবদুল রশিদ দাউদি। অনুষ্ঠানের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ওই ধর্মীয় নেতাদের একাংশের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। বিতর্কের জেরে তাঁদের কয়েকজন ভিডিয়ো বার্তায় নিজেদের ভুল স্বীকার করে ক্ষমাও চান। পাশাপাশি কলমা পাঠ করে একেশ্বরবাদে নিজেদের বিশ্বাসের কথা পুনরায় জানান। এই বিতর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন জম্মু-কাশ্মীরের গ্র্যান্ড মুফতি নাসির-উল-ইসলাম। তাঁর মতে, ইসলামি শরিয়ত অনুযায়ী ‘বন্দে মাতরম’ পরিবেশনে অংশ নেওয়া বা যেখানে গানটি পরিবেশন করা হচ্ছে, সেখানে উপস্থিত থাকার অনুমতি নেই। সুন্নি নেতা মৌলানা আবদুল রশিদ দাউদি ধর্মীয় পণ্ডিতদের এই বিষয়ে আনুষ্ঠানিক ফতোয়া জারি করাকে চ্যালেঞ্জ জানিয়েছেন।



