নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: চেয়ারের উপর রাখা মদের গ্লাস। বিয়ারের বোতল। হাতে ধরা ‘নকল’ বন্দুক। ব্যাকগ্রাউন্ডে বাজছে হিন্দি সিনেমার ডায়ালগ। ‘বোল, তু গোলি লেনা ক্যায়সা পসন্দ কারেগা? পানি কে সাথ, সোডাকে সাথ, হুইসকিকে সাথ? ইয়া ফের ডাইরেক্ট?’ তারপরই পরপর গুলির আওয়াজ। খতম! এভাবেই চলছে সোশ্যাল মিডিয়ার জন্য রিল তৈরির শুটিং। তবে, এই শুটিংয়ের ঘটনাস্থল সিউড়ি শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুল হওয়ায় বিতর্ক দানা বেঁধেছে শহরে। রিল তৈরির জন্য স্কুলকে বেছে নেওয়ায় নিন্দার ঝড়ও উঠেছে।
স্থানীয় সূত্রের জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বেশকিছু কন্টেন্ট ক্রিয়েটর রিল তৈরির জন্য বেছে নিয়েছে প্রাচীন ওই স্কুলকে। স্কুল চলাকালীন না হলেও, বন্ধ স্কুলের ভিতরে এই ধরনের দৃশ্যের শ্যুটিং করার ফলে শিক্ষাঙ্গনের মর্যাদা চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে নাগরিক সমাজ। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, স্কুল কর্তৃপক্ষের নজর এড়িয়ে কীভাবে দিনের পর দিন এই ধরনের শ্যুটিংয়ের কাজ চলছে? কারাই বা এর অনুমতি দিল?এই ঘটনায় স্কুলের নিরাপত্তায় যে খামতি রয়েছে, তা স্পষ্ট। শিক্ষাবিদদের মতে, যেখানে স্কুলে পড়ুয়াদের সুস্থ সংস্কৃতি ও মূল্যবোধের শিক্ষা দেওয়া হয়, সেখানে এই ধরনের দৃশ্যের ভিডিও এবং তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা সমাজের কাছে একটি অত্যন্ত নেতিবাচক বার্তা বহন করে। তাই রিল নির্মাতাদের দায়িত্বজ্ঞানহীনতা এবং স্কুল কর্তৃপক্ষের অসতর্কতা-দু’টি বিষয় নিয়েই প্রশ্ন তুলছে নাগরিক সমাজ। অভিভাবকরা বলেন, স্কুলে এধরনের রিলস তৈরি করা উচিত নয়। এতে সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা যাবে। যাঁরা কন্টেন্ট তৈরি করেন তাঁদেরই দায়িত্বশীল হওয়া দরকার। এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক জয় মিত্র বলেন, স্কুল বন্ধের পর বা ছুটির দিনে এধরনের ঘটনা হয়। বিষয়টি আমরা থানায়ও জানিয়েছিলাম। কিন্তু তারপরও এধরনের ঘটনা ঘটছে। বিষয়টি অত্যন্ত দৃষ্টিকটু। আমরাও চাই এটা বন্ধ হোক। স্কুলের তরফে নিরাপত্তারক্ষী রাখার কথা ভাবা হচ্ছে।
নিজস্ব চিত্র