বাল্যবিবাহ বিরোধী প্রদর্শনীতে ভারতের মানচিত্র নিয়ে বিতর্ক, বিক্ষোভ এবিভিপির
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাল্যবিবাহ বিরোধী প্রদর্শনীতে ছবি ঘিরে তৈরি হল বিতর্ক। এক কলেজছাত্রীর আঁকা ছবিতে ভারতের মানচিত্র থেকে জম্মু-কাশ্মীরের একাংশ বাদ পড়েছে বলে অভিযোগ। তার প্রতিবাদে বারাসত গভর্নমেন্ট কলেজে বিক্ষোভ দেখায় এবিভিপি। শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। প্রদর্শনীর দায়িত্বে থাকা শিক্ষক এবং সংশ্লিষ্ট ছাত্রীর বহিষ্কারের দাবি তুলেছে সংগঠন। সোমবার সব পক্ষকে নিয়ে বৈঠকের আশ্বাস দিয়েছেন কলেজের অধ্যক্ষ। জানা গিয়েছে, বাল্যবিবাহ বিরোধী দিবস উপলক্ষ্যে শুক্রবার কলেজে ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে প্রথম সেমেস্টারের এক ছাত্রীর আঁকা ভারতীয় মানচিত্রের ছবি রাখা হয়। আর সেই ছবিতে ভারতীয় মানচিত্রের উপরে লেখা ছিল, ‘শিশুকাল বিয়ের জন্য নয়, স্বপ্ন দেখার জন্য’। এক পাশে কিশোরীর ছবি। অন্য পাশে বাল্যবধূর ছবিতে ক্রস চিহ্ন দিয়ে বাল্যবিবাহের বিরোধিতা করা হয়। কিন্তু ছবিতে জম্মু-কাশ্মীরের বেশ কিছুটা অংশ বাদ পড়েছে বলে অভিযোগ। এবিভিপির বারাসত নগর কমিটির সম্পাদক কৃষাণু বিশ্বাস বলেন, ‘ভারতমাতার ছবি বিকৃত করা হয়েছে। কোনোরকম যাচাই না করেই ছবিটি প্রদর্শনীতে রাখা হয়েছে। আমরা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রীতম বন্দ্যোপাধ্যায় এবং ওই ছাত্রীর বহিষ্কারের দাবি জানিয়েছি।’ এনিয়ে কলেজের অধ্যক্ষ শান্তনু চট্টোপাধ্যায় বলেন, ‘সোমবার সবপক্ষকে নিয়ে আলোচনায় বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

Advertisement