Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিধায়কের স্কুলে কন্যাশ্রীর তালিকা থেকে দ্বাদশ উত্তীর্ণের নাম বাদ, বিতর্ক

বিধায়কের স্কুলে কন্যাশ্রীর তালিকা থেকে দ্বাদশ উত্তীর্ণের নাম বাদ, বিতর্ক
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: খোদ বিধায়কের স্কুলে কন্যাশ্রীর তালিকা থেকে এক প্রাক্তন ছাত্রীর নাম বাদ যাওয়ায় বিতর্ক দেখা দিয়েছে। এগরার তৃণমূল বিধায়ক তরুণকুমার মাইতি এলাকার পানিপারুল মুক্তেশ্বর হাইস্কুলের প্রধান শিক্ষক। সেই স্কুলের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ ছাত্রী রিয়া জানা আবেদন করা সত্ত্বেও কন্যাশ্রীর কে-টু তালিকা থেকে তাঁর নাম বাদ গিয়েছে। স্কুলের তরফে যে তথ্য বিডিও অফিসে পাঠানো হয়েছে, সেখানে অবিবাহিত রিয়াকে বিবাহিত দেখানো হয়েছে। ফলে ব্লক প্রশাসন রিয়ার নাম নথিভুক্ত করেনি। এই পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষের কাছে একাধিকবার জানিয়েও সুরাহা না হওয়ায় রিয়ার বাবা সাধনকুমার জানা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

সাধনবাবু বলেন, এটা স্কুলেরই গাফিলতি। আমরা বারবার স্কুলে গিয়ে তথ্য ঠিক করার কথা বলেছি। প্রধান শিক্ষককেও বিষয়টি জানিয়েছি। তিনি প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু কোনও কাজ হয়নি। রিয়া এখন একটি বেসরকারি কলেজে ডিএলএড-এর ছাত্রী। তিনি বলেন, স্কুল কর্তৃপক্ষের ভুলের জন্য এই পরিস্থিতি হয়েছে। আমি স্কুলশিক্ষিকা হতে চাই। আমার পরিবার আর্থিকভাবে অসচ্ছল। কন্যাশ্রীর টাকা না পেলে হয়তো আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। এঘটনায় রাজনৈতিক টানাপোড়েনও শুরু হয়েছে। পানিপারুল পঞ্চায়েতের বিরোধী দলনেতা বিজেপির মিলন দাস বলেন, এই ছাত্রীর পরিবার আমাদের দলের সমর্থক। আমাদের ধারণা, সেকারণে এগরার বিধায়কের অঙ্গুলিহেলনে কন্যাশ্রীর তালিকা থেকে তার নাম বাদ গিয়েছে। আগামী দিনে আইনি লড়াইয়ে ওই ছাত্রীকে সবরকম সহযোগিতা করব। তরুণবাবু বলেন, কম্পিউটারে নাম এন্ট্রি করতে গিয়ে স্কুলের ক্লার্ক এই ভুল করে ফেলেছেন। যদিও এটা অনিচ্ছাকৃত ভুল। পরে স্কুলের তরফে সংশ্লিষ্ট মহলে চিঠি দিয়ে তথ্য ঠিক করার চেষ্টা করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ চেষ্টা জারি রেখেছে। বিজেপি ভিত্তিহীন অভিযোগ করছে। আমরা ছাত্রছাত্রীদের মধ্যে রাজনৈতিক বিভাজন করি না। যত তাড়াতাড়ি সম্ভব, সমস্যার সমাধান করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ