সংবাদদাতা, বোলপুর: রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির অন্যতম পীঠস্থান। সেই বিশ্বভারতীর শ্রীনিকেতনে একটি সাইনবোর্ড ঘিরেই এখন তীব্র বিতর্ক তৈরি হয়েছে। শ্রীনিকেতনে পল্লি সংগঠন বিভাগের অধ্যক্ষের ঘরের সামনে বিভাগের নাম লেখা একটি বোর্ডে নেই বাংলা। লেখা রয়েছে হিন্দি ও ইংরেজিতে। সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত বিশ্বভারতীতেই কি বাংলা ব্রাত্য? এই নিয়ে সমাজমাধ্যমে তীব্র আলোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে হিন্দি ও ইংরেজিতে বোর্ড থাকতে পারে। আপত্তি নেই। কিন্তু সেখানে বাংলা থাকবে না কেন? বিশেষ করে সেই জায়গাটি যখন রবীন্দ্রনাথের হাতে তৈরি শ্রীনিকেতন! এই বিতর্ক অবশ্য নতুন নয়। এর আগেও বিশ্বভারতীর বিভিন্ন ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। তবে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাইনবোর্ডে বাংলা, হিন্দি ও ইংরেজি তিন ভাষার ব্যবহারও রয়েছে। যদিও এই নিয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, এটি গত আট বছর ধরে রয়েছে। তৃণমূল আমলে গর্গের এতদিন চোখে পড়েনি। তবে, বাধ্যতামূলক না হলেও ত্রিভাষিক বোর্ড হওয়া উচিত ছিল। তা করে দেওয়া হবে।



