Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নওদায় টেন্ডার প্রক্রিয়ায় গোপনীয়তার অভিযোগে ঠিকাদারদের বিক্ষোভ

নওদায় টেন্ডার প্রক্রিয়ায় গোপনীয়তার অভিযোগে ঠিকাদারদের বিক্ষোভ
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: নওদার মধুপুর পঞ্চায়েতে টেন্ডার প্রক্রিয়ায় গোপনীয়তার অভিযোগ তুলে ঠিকাদাররা বিক্ষোভ দেখালেন। সোমবার বেশ কয়েকজন ঠিকাদার পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, প্রায় ৫০লক্ষ টাকার ঢালাই রাস্তা ও নিকাশিনালা তৈরির জন্য টেন্ডার ডাকা হয়েছিল। কিন্তু সেই সংক্রান্ত কোনও নোটিস অনলাইনে বা সরকারিভাবে প্রকাশ্যে আনা হয়নি।

Advertisement

ঠিকাদারদের অভিযোগ, সোমবার টেন্ডার জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু এদিন পঞ্চায়েত প্রধান অফিসে ছিলেন না। এমনকী, কোনও সরকারি কর্মচারীও হাজির হননি। ফলে অনেক ঠিকাদারই টেন্ডার জমা দিতে পারেননি। ঠিকাদারদের দাবি, পুরো বিষয়টি পূর্বপরিকল্পিত। পঞ্চায়েত প্রধান ও স্থানীয় প্রশাসনের একাংশ নিজেদের পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিতে এই গোপনীয়তার আশ্রয় নিয়েছে। এক ঠিকাদার বলেন, আমরা গোপনে খবর পেয়ে এদিন টেন্ডার জমা দিতে এসেছিলাম। কিন্তু এসে দেখি, কোনও আধিকারিক নেই। এটা সাধারণ গাফিলতি নয়, একটা চক্রান্ত। নিজেদের ঘনিষ্ঠ ঠিকাদারদের কাজ পাইয়ে দিতেই গোপনে অফলাইনে টেন্ডার প্রক্রিয়া চালানো হচ্ছে।
ওই পঞ্চায়েতের সেক্রেটারি তসলিম আরিফ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, অসুস্থতা ও বিডিও অফিসে কাজ করার কারণে পঞ্চায়েতে আসতে একটু দেরি হয়েছিল। কিন্তু পরে বিক্ষোভকারীদের নথিপত্র জমা নেওয়া হয়েছে। বহরমপুর সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় বলেন, কোথাও টেন্ডার দুর্নীতি বরদাস্ত করা হবে না। মধুপুর পঞ্চায়েতে কী ঘটেছে-তা আমরা খতিয়ে দেখছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ