নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের নাম করে একটি লজেন্স ফ্যাক্টরির লেবার কন্ট্রাক্টরকে ফোনে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ডোমজুড়ের এক যুবককে আটক করেছে পুলিস। লেবার কন্ট্রাক্টরকে ফোনে হুমকি দেওয়ার অডিও রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পুলিসকে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করতে বলেছিলেন কল্যাণবাবু। তাঁর অভিযোগ, এসব বিরোধীদের চক্রান্ত হতে পারে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডোমজুড়ের পাকুরিয়া এলাকায় একটি লজেন্স তৈরির কারখানায় ঠিকা শ্রমিকদের কন্ট্রাক্টর হিসেবে কিছুদিন আগে কাজে যোগ দেন বিশ্বনাথ পোল্লে। দক্ষিণ ২৪ পরগনার সাগরের বাসিন্দা বিশ্বনাথবাবু ডোমজুড়ের সলপে ভাড়া থাকেন। সম্প্রতি কোম্পানি কর্তৃপক্ষের নির্দেশে জনা দশেক শ্রমিককে ফ্যাক্টরিতে কাজে নিযুক্ত করেন তিনি। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। জানা গিয়েছে, ডোমজুড়ের বিবেকানন্দ পল্লি এলাকার দুই যুবক সহ বেশ কয়েকজন এর আগে ওই ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। মাসখানেক আগে অন্য জায়গায় কাজ পেয়ে যাওয়ায় তাঁরা চলে যান। কিন্তু সেই কাজের জায়গার কোনও ঝামেলা হওয়ায় তাঁরা আবার ফিরে আসেন এই কারখানায়। এসে দেখেন, তাঁদের জায়গায় অন্যদের কাজে ঢুকিয়ে নেওয়া হয়েছে। এরপরই গত বৃহস্পতি ও ও শুক্রবার হুমকি ফোন আসে বিশ্বনাথবাবুর কাছে।
তাঁর অভিযোগ, প্রথমে একটি অচেনা নম্বর থেকে ‘ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের অফিস থেকে বলছি’ বলে ফোন আসে। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় তাঁকে। দেখা না করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এরপর অন্য একটি নম্বর থেকে ফোন করে তাঁকে বলা হয়, ‘সোমবারের মধ্যে গোডাউন গুটিয়ে চলে যাও। তোমাকে ওখানে দেখতে পেলে সমস্যা হবে। হাওয়া গরম আছে।’
আতঙ্কিত বিশ্বনাথবাবু বলেন, ‘যারা ফোন করেছিল, তাদের কাউকেই চিনি না। কোম্পানির নির্দেশেই কয়েকজন লেবারকে কাজে ঢুকিয়েছিলাম। এখন রীতিমতো ভয়ে আছি।’ দু’টি ফোনের কল রেকর্ড ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার কথা জানার পরই হাওড়ার পুলিস কমিশনারকে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিধায়ক। ‘তৃণমূল এই ধরনের দুষ্কৃতীমূলক কার্যকলাপ বরদাস্ত করে না’—সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। কল্যাণবাবু বলেন, ‘আমার নাম করে এই ধরনের অসামাজিক কাজকর্ম চলছে। এটা কখনওই মানা যাবে না। পুলিসকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি। নির্বাচনের আগে আমার নাম ব্যবহার করে দলকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে।’ হাওড়া সিটি পুলিসের এক আধিকারিক বলেন, ‘এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’