সংবাদদাতা, সিউড়ি: টানা বৃষ্টিতে সিউড়ি শহরের বেশিরভাগ রাস্তাই চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে। রাস্তার মাঝে বড় বড় গর্ত হয়ে থাকায় যাতায়াতে সমস্যায় পড়ছেন বাসিন্দারা। কয়েকদিন আগে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামলেও কাজ হয়নি। তাই রাস্তা সংস্কারের দাবিতে সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন শহরের বাসিন্দারা। পুজোর আগে বেহাল রাস্তা আদৌ সংস্কার হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, খোদ রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী তথা বিধায়কের পাড়ার রাস্তারও বেহাল অবস্থা। সংস্কারের ব্যাপারে কোনো হেলদোল নেই প্রশাসন বা পুর কর্তৃপক্ষের। যদিও প্রশাসনের এক আধিকারিক বলেন, খুব শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।
কয়েকদিনের বৃষ্টিতে শহরের মূল রাস্তা থেকে অলিগলি কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। সদরের ভাঙা রাস্তায় যাতায়াতের সময় টোটো, বাইক ও সাইকেল উলটে যাচ্ছে। ২১টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ ওয়ার্ডের রাস্তা বেহাল। যার মধ্যে শুড়িপুকুরপাড়া, মল্লিকগুনা, নুড়াইপাড়া, সামন্তবাজার, ফকির পাড়া সহ অধিকাংশ ওয়ার্ডের রাস্তা অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। ছোট ছোট গর্তগুলি বৃষ্টির কারণে ভয়াবহ আকার ধারণ করেছে। এছাড়াও শহরের প্রধান রাস্তা বাসস্ট্যান্ড, রবীন্দ্রপল্লি, চৈতালী মোড়, জেলা স্কুল সংলগ্ন রাস্তা, টিনবাজার সহ গুরুত্বপূর্ণ একাধিক রাস্তায়ও অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। এমনকী, মুষলধারে বৃষ্টির কারণে রাস্তা পাশাপাশি নিকাশি নালাও বেহাল থাকায় বাড়ির মধ্যে নোংরা জল ঢুকে যাচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, এবিষয়ে যেন কোনো আমলই দিতে রাজি নয় প্রশাসন। অক্টোবরের মধ্যে রাস্তা সংস্কারের কথা থাকলেও বাস্তবে কতটা হবে তা নিয়ে সংশয়ে রয়েছেন সকলে। শহরের বাসিন্দা প্রভাত দাস, সৌমেন্দ্র প্রামাণিক বলেন, শহরের মধ্যে চলাচলের জন্য যোগ্য নেই আর কোন রাস্তায়। ভাঙা পথে চলাচল করা যেন দায় হয়ে পড়েছে। এর চেয়ে মনে হয় পঞ্চায়েতের রাস্তাগুলির অবস্থা ভাল। শুনছিলাম অক্টোবরের মধ্যে রাস্তা সংস্কার করা হবে। কিন্তু কোন হেলদোলই তো চোখে পড়ছে না।
বাসিন্দাদের অভিযোগ, পূর্বতন তৃণমূল সরকারের আমলে শহরের বেশকিছু রাস্তা বেহাল হয়ে পড়েছিল। কিন্তু রাজ্যে পালাবদলের পরই তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে গিয়েছে। প্রশাসক বসানো হয়েছে। কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে পুরসভাকে কার্যকরী ভূমিকা নিতে দেখা যায়নি।
বৃষ্টির জেরে রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। এবিষয়ে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে বিধায়ক থেকে প্রশাসন, সকলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছেন অনেকে। বাসিন্দাদের অভিযোগ, নিত্যদিন এই বেহাল রাস্তার কারণে টোটো উলটে অনেকে জখম হচ্ছেন। কিন্তু তাতেও কোনো হেলদোল নেই প্রশাসনের। পুজোর আগে দ্রুত রাস্তা সংস্কার করা হোক, চাইছেন বাসিন্দারা।