Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

স্কুলে কনটেন্ট ক্রিয়েটর ল্যাব, ৫ ইউনিভার্সিটি টাউনশিপের ঘোষণা

এবারের বাজেটে শিক্ষায় কর্মকুশলতা বৃদ্ধির পক্ষেই জোর দিচ্ছে সরকার।

স্কুলে কনটেন্ট ক্রিয়েটর ল্যাব, ৫ ইউনিভার্সিটি টাউনশিপের ঘোষণা
  • ২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবারের বাজেটে শিক্ষায় কর্মকুশলতা বৃদ্ধির পক্ষেই জোর দিচ্ছে সরকার। রবিবার ২০২৬-২৭ আর্থিক বছরের বাজেট ঘোষণায় এসংক্রান্ত বিষয়ে কমিটি গড়ার কথাও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেক্ষেত্রে জানানো হয়েছে, শিক্ষায় বাড়তি গুরুত্ব দেওয়া হবে এআই কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার উপর। স্কুলে কনটেন্ট ক্রিয়েটর ল্যাব এবং পাঁচটি ইউনিভার্সিটি টাউনশিপ তৈরির কথাও জানানো হয়েছে এবারের বাজেটে। যদিও সার্বিকভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দিশা বিশেষ পাওয়া যায়নি। অন্তত তেমনই মনে করছে শিক্ষা বিশেষজ্ঞ মহল। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, এডুকেশন টু এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনরশিপ কমিটি তৈরি হবে। এটি আদতে পড়াশোনার সঙ্গে কর্মকুশলতাকে জুড়ে দেবে। প্রসঙ্গত, ২০২৬-২৭ আর্থিক বছরে স্কুল শিক্ষায় ৮৩ হাজার ৫৬২ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। ২০২৫-২৬ আর্থিক বছরে এই বরাদ্দকৃত অর্থের পরিমাণ ছিল ৭৮ হাজার ৫৭২ কোটি টাকা। পিএম পোষণ অর্থাৎ, মিড ডে মিল স্কিমে বাজেট বরাদ্দের পরিমাণ সামান্যই বাড়িয়েছে কেন্দ্র। তা ১২ হাজার ৫০০ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১২ হাজার ৭৫০ কোটি টাকা। অন্যদিকে, উচ্চ শিক্ষায় সার্বিকভাবে বাজেট বরাদ্দ ৫০ হাজার ৬৭ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৫৫ হাজার ৭২৭ কোটি টাকা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বরাদ্দও সামান্য বেড়েছে। ৩ হাজার ৩৩৫ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৩ হাজার ৭০৯ কোটি টাকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ