Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

আদালত অবমাননা: দোষী সাব্যস্ত কুণাল, জরিমানাও

আদালত অবমাননার মামলায় কুণাল ঘোষকে দোষী সাব্যস্ত করে আর্থিক জরিমানা করল হাইকোর্ট। প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী ফিরদৌস শামিম এবং আরও একাধিক আইনজীবীর চেম্বার ঘেরাওয়ের অভিযোগ ছিল কুণালের বিরুদ্ধে।

আদালত অবমাননা: দোষী  সাব্যস্ত কুণাল, জরিমানাও
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আদালত অবমাননার মামলায় কুণাল ঘোষকে দোষী সাব্যস্ত করে আর্থিক জরিমানা করল হাইকোর্ট। প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী ফিরদৌস শামিম এবং আরও একাধিক আইনজীবীর চেম্বার ঘেরাওয়ের অভিযোগ ছিল কুণালের বিরুদ্ধে। এছাড়া অভিযোগ ছিল বিচারপতির উদ্দেশে বিতর্কিত মন্তব্য করার।
এসএসসির শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে বেআইনিভাবে নিয়োগ করেছিল তৎকালীন তৃণমূল সরকার। এই অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করেন শামিম। চাকরি প্রার্থীদের একাংশের বিরুদ্ধে কোর্টে সওয়াল করেন বিকাশ। বিচারপতি ছিলেন বিশ্বজিৎ বসু। এই মামলায় তাঁর একটি নির্দেশের প্রেক্ষিতে ক্ষোভে ফেটে পড়েন চাকরি প্রার্থীদের একাংশ।
অভিযোগ, কুণালের নির্দেশে ও নেতৃত্বে চাকরি প্রার্থীরা শামিম-বিকাশদের ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন। আরও অভিযোগ ছিল, কুণাল ঘটনাস্থলে উপস্থিত না-থাকলেও তাঁর নির্দেশ এবং কথামতোই চাকরিপ্রার্থীরা বিচারপতি বসুর ছবি মাড়িয়ে বিক্ষোভ দেখান। ওই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের চেম্বারও সেদিন ঘেরাও করেন তাঁরা। 
এই ঘটনার পর আইনজীবীদের নিরাপত্তার স্বার্থে হাইকোর্টের তরফে স্বতঃপ্রণোদিত মামলা হয়। সেই মামলাতেই দোষী সাব্যস্ত করে ২০০০ টাকা জরিমানা করা হয় কুণালকে। যদিও কুণাল বলেন, ‘আমি যে সেদিন ঘটনাস্থলে ছিলাম না, আদালতের রায়ে সেই অংশটুকুরও উল্লেখ রয়েছে। আমি আইন মেনে চলি এবং সেইমতোই চলব।’ 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ