নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের ৯টি জেলায় জাতীয় প্রকল্পের আওতাধীন রেশন গ্রাহকরা আগামী দিনে আরও উন্নত মানের চাল পাবেন। ভাঙা চালের অনুপাত অনেক কম থাকবে। আগামী খরিফ মরশুম থেকে কেন্দ্রীয় সরকার রেশনের চালে ভাঙা চালের অনুপাত কমানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সেদ্ধ চালে ভাঙা চালের অনুপাত ১৬ থেকে কমিয়ে ৫ শতাংশ ও আতপ চালে ২৫ শতাংশ থেকে ১০ শতাংশ করা হবে। আগামী অক্টোবর থেকে শুরু হওয়া খরিফ মরশুমে পর্যায়ক্রমে এই নয়া অনুপাত কার্যকর করা শুরু হবে বলে জানানো হয়। আরও বেশি পরিমাণে ভাঙা চাল ইথানল উৎপাদনে ব্যবহার করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এই প্রেক্ষিতে রাজ্য খাদ্যদপ্তর ঠিক করেছে, আগামী খরিফ মরশুমে প্রথমে ৯টি জেলায় নয়া অনুপাতে চাল উৎপাদন শুরু হবে। জেলাগুলি হল বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ ও উত্তর দিনাজপুর, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া। এই জেলাগুলিতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পের আওতাভুক্ত রেশন গ্রাহকদের জন্য ৭ লক্ষ ৭ হাজার টন উন্নত চাল উৎপাদন করা হবে। এতে সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙা চাল থাকবে। বাকি যে ভাঙা চাল উৎপাদনের সময় বেরবে, তা আলাদা রাখা হবে। উৎপাদিত চাল ওই জেলাতেই গ্রাহকদের দেওয়া হবে। রাইস মিল মালিকরা জানিয়েছেন, ধান থেকে চাল উৎপাদনের সময় ১০ শতাংশের বেশি ভাঙা চাল বেরয়। এতদিন সেদ্ধ চালের ক্ষেত্রে ১৫ শতাংশ পর্যন্ত ভাঙা চাল দেওয়ার নিয়ম ছিল।