নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: রাধিকাপুর স্টেশনের গুরুত্ব বাড়াচ্ছে এনএফ রেল। শুক্রবার দুটি নতুন লাইন নির্মাণ ও তিনটি লাইন সম্প্রসারণের কাজের আনুষ্ঠানিক সূচনা হল। রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বলেন, উত্তর দিনাজপুরের মানুষের সুবিধার্থে রাধিকাপুর স্টেশনে এনএফ রেল এই ব্যাপক কর্মকাণ্ড শুরু করল। প্রায় ১৭ কোটি টাকা খরচ করে এই স্টেশনে রেক রাখার জন্য এই লাইন পাতার কাজ হচ্ছে। এই লাইনপাতার কাজ শেষ হলে প্রত্যক্ষভাবে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলাবাসী এর সুবিধা পাবে। আরও বেশি সংখ্যায় নয়া রুটের ট্রেন চালু করার পথ প্রশস্ত হবে। দ্রুত এই নতুন লাইন পাতার কাজ শুরু হবে। রেলের গতিশক্তি প্রকল্পের মাধ্যমেই গোটা কাজটি সম্পন্ন হবে। উত্তর দিনাজপুর জেলার একেবারে প্রান্তিক স্টেশন রাধিকাপুর। স্টেশনটি থেকে কয়েকশো মিটার দূরত্বেই আন্তর্জাতিক সীমানা। ওপারে বাংলাদেশ। তবে রাধিকাপুর স্টেশন প্রান্তিক হলেও রায়গঞ্জ, কালিয়াগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকার জন্য এটির গুরুত্ব অসীম। এখানে ট্রেন পরিষেবা বাড়ানোর দাবি বহু দিনের। এই স্টেশনে রেক রাখার জায়গা বাড়ানো না হলে অদূর ভবিষ্যতে রাধিকাপুর থেকে উত্তর-পূর্ব ভারত, দক্ষিণ ভারত সহ কলকাতাগামী ট্রেনের সংখ্যা বাড়ানো যাবে না। সেই কারণেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এদিন দুপুরে রাধিকাপুর স্টেশনে নতুন লাইন নির্মাণ ও তিনটি লাইন সম্প্রসারণের কাজের আনুষ্ঠানিক সূচনা করেন সাংসদ। ছিলেন রেলের গতিশক্তি প্রকল্পের চিফ প্রজেক্ট ম্যানেজার সন্দীপ কুমার বিজ সহ স্থানীয় পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য, বণিক সংগঠনের প্রতিনিধি ও এনএফ রেলের আধিকারিকরা। সাংসদ বলেন, রায়গঞ্জকে কেন্দ্র করে রেল পরিষেবা নিয়ে আমরা যখনই রেল বোর্ড বা কেন্দ্রীয়স্তরে নতুন ট্রেন চালু করার আবেদন জানাতাম, তখনই বলা হতো ট্রেন পরিষেবা বাড়াতে পর্যাপ্ত রেল ট্র্যাক নেই। প্রান্তিক স্টেশন রাধিকাপুরে ট্রেন রাখার জায়গা নেই। এরপরই আমরা রেলকে জানাই রাধিকাপুর স্টেশনে ট্র্যাক বাড়ানোর ব্যাপারে। শেষপর্যন্ত দীর্ঘদিনের দাবি মেনে প্রায় ১৭ কোটি টাকা অনুমোদন হয়েছে। শীঘ্রই রাধিকাপুর স্টেশনে দুটি নতুন লাইন বসবে এবং তিনটি পুরনো লাইনেরও সম্প্রসারণের কাজ শুরু হবে। সাংসদের সংযোজন, রাধিকাপুর থেকে শিলিগুড়ি, কাটিহার, কলকাতা, হাওড়া, দিল্লিগামী ট্রেন পাওয়া গিয়েছে। কালিয়াগঞ্জ, ডালখোলা, আলুয়াবাড়ি অমৃতভারত স্টেশন হচ্ছে। আগামীতে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুদ নতুন লাইনেরও অনুমোদন মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি। শুক্রবার দুটি নতুন লাইন নির্মাণ ও তিনটি লাইন সম্প্রসারণের কাজের আনুষ্ঠানিক সূচনা।-নিজস্ব চিত্র



