Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আত্রেয়ী খাঁড়ি দখল করে দোকান নির্মাণ, প্রশাসনের ভূমিকায় প্রশ্ন

প্রশাসনের নিষেধাজ্ঞা উড়িয়ে ফের বালুরঘাটের আত্রেয়ী খাঁড়ির জায়গা দখল করে দোকানপাট নির্মাণ চলছে।

আত্রেয়ী খাঁড়ি দখল করে দোকান নির্মাণ, প্রশাসনের ভূমিকায় প্রশ্ন
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: প্রশাসনের নিষেধাজ্ঞা উড়িয়ে ফের বালুরঘাটের আত্রেয়ী খাঁড়ির জায়গা দখল করে দোকানপাট নির্মাণ চলছে। বালুরঘাট শহরের জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় গজিয়ে উঠছে দোকান। পুরসভার বসার জায়গা ভেঙে ফেলে দোকানপাট নির্মাণ চলছে। রাতে চুপিসারে টিনের ঘেরা দিয়ে  নির্মাণকাজ চলছে। কয়েক মাস আগে সেখানে নির্মাণ বন্ধ করতে জেলা প্রশাসন, পুরসভা এবং সেচ  দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন স্থানীয়রা। অভিযোগ, এরপরও কার্যত হাত গুটিয়ে বসে রয়েছে প্রশাসন। রাতারাতি দোকান গজিয়ে উঠলেও দেখার নেই কেউ। এবিষয়ে দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও সংস্কার) হারিশ রসিদ বলেন, পুরো বিষয়টি এসডিও, ভূমি আধিকারিক ও সেচ দপ্তরকে জানিয়েছি। অবৈধ নির্মাণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নজরে এসেছে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রের। তিনি বলেন, আমি সেচ দপ্তরের সঙ্গে কথা বলব। পাশাপাশি পুর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  বালুরঘাট শহরে জোড়া ব্রিজের কাছে আত্রেয়ী সংলগ্ন খাঁড়ি দখল করে নির্মাণ নতুন বিষয় নয়। ফের দখলদারি শুরু হওয়ায় প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দল সহ শাসকদলের একাংশরা। এবিষয়ে সেচ দপ্তরের এক আধিকারিক বলেন, আমরা ওই জায়গার মাপজোখ করছি। অবৈধ নির্মাণ ভাঙার জন্য প্রশাসনের সঙ্গে কথা বলব। মাস তিনেক আগেও খাঁড়ি দখল করে নির্মাণকাজ নিয়ে সরব হন এলাকার একাংশ। এরপরও অবৈধ নির্মাণ আটকানো যায়নি। এমনকী প্রশাসনের তরফেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। দ্রুত সরকারি জায়গা দখলমুক্ত করতে দাবি তুলেছেন শহরের সচেতন নাগরিকরা। বিষয়টি নিয়ে সুর চড়িয়েছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার। তাঁর অভিযোগ, তৃণমূল নেতা ও পুরসভার মদতেই খাঁড়ির জায়গা দখল চলছে। যদিও তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকীর দাবি, এই কাজে তৃণমূলের কেউ জড়িত নয়। অবৈধ নির্মাণ ভাঙার জন্য ইতিমধ্যেই প্রশাসনকে জানিয়েছি।  জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় গজিয়ে উঠছে দোকান। পুরসভার বসার জায়গা ভেঙে ফেলে দোকানপাট। -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ