নিজস্ব প্রতিনিধি, হাওড়া: এলাকায় নয়ানজুলি বুজিয়ে চলছিল দোকানঘর নির্মাণের কাজ। ফলে চাষের মাঠে বৃষ্টির জল জমে ফসলের ক্ষতি হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা বারণ করলেও থামেনি বেআইনি নির্মাণের কাজ। এরপর রবিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে নির্মাণের অংশ ভেঙে দেন স্থানীয়রা। দীর্ঘক্ষণ রাস্তা অপরোধ করে রাখেন তাঁরা। ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের মাজু বাজারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জগৎবল্লভপুরের বিভিন্ন জায়গায় রাস্তার দু’পাশে নয়ানজুলি বুজিয়ে দোকানঘরের মতো অসংখ্য ছোট ছোট নির্মাণ হয়ে চলেছে। সরকারি জমিতে বেআইনিভাবে হচ্ছে সেসব নির্মাণ। কোথাও কোথাও নয়ানজুলি পেরিয়ে চাষের জমিতে যাওয়ার জন্য যথেচ্ছভাবে রাস্তাও তৈরি করা হয়েছে। ফলে অল্প বৃষ্টি হলেই চাষের মাঠে জল জমছে। চলতি বছর লাগাতার বৃষ্টি হওয়ায় মাজু এলাকায় ধানের জমি থেকে জল বের হচ্ছে না। সম্প্রতি মাজু বাজারের কাছে একটি বেআইনি দোকানঘর নির্মাণের কাজ শুরু হলে আপত্তি জানান বাসিন্দারা। তাও নির্মাণকাজ থামেনি বলে অভিযোগ। এরপর রবিবার সন্ধ্যায় সেই নির্মাণ ভেঙে দেন বিক্ষুব্ধ বাসিন্দারা। শুধু তাই নয়, তাঁরা মুন্সিরহাট-আমতা রাজ্য সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভও দেখান। জগৎবল্লভপুর থানার পুলিস গিয়ে পরিস্থিতি সামলায়।



