সংবাদদাতা, ডোমকল: গ্রামীণ রাস্তার কয়েকহাত দূরেই পুকুর। সেই পুকুরের একদিকে সম্প্রতি পাড় বাঁধানো হয়েছে। কিন্তু সেই পাড়ের উপর রাস্তা থেকে এক-দেড়ফুট উচ্চতায় তৈরি হয়েছে নিকাশিনালা। রানিনগরের কালীনগর-২ পঞ্চায়েতের এই নির্মাণকাজ ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। পুরো ঘটনায় সরকারি টাকা নয়ছয়ের অভিযোগে সরব হয়েছেন উপপ্রধান সরভানু বিবিও।
কালীনগর-২ পঞ্চায়েতের খাসতালুক ডিপটিপাড়ায় ওই পুকুরটি রয়েছে। ওই এলাকায় বর্ষায় পুকুরের পাড় ধসে যাওয়ার সমস্যা ছিল। সেই জন্য কয়েকমাস আগেই পঞ্চায়েতের তরফে পুকুরের একদিকে গার্ডওয়াল ও নিকাশিনালা তৈরি করা হয়। প্রায় ২লক্ষ ৯৮হাজার টাকা খরচে সেই কাজ হয়েছে। পুকুরের গার্ডওয়ালের উপর নিকাশিনালা তৈরির যৌক্তিকতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। মাটি থেকে ওই নালার উচ্চতা অন্তত এক-দেড়ফুট। শুধু তাই নয়, এমন একটি জায়গায় নালাটি তৈরি হয়েছে, যেখানে রাস্তা বা বাড়ির জল ওই নালার মাধ্যমে নিকাশের তেমন সম্ভাবনাও নেই। যে কারণে সরকারি টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারাও বিরক্ত। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, বাঁধানো পাড়ের উপর নিকাশিনালা তৈরির কথা শুনেছিলাম। কিন্তু, তা যে রাস্তা থেকে কয়েক ফুট উঁচুতে হবে, তা কল্পনাও করিনি। দেখলাম আমাদের পঞ্চায়েতই এই কাজ করেছে। সরকারি টাকা কীভাবে নয়ছয় করতে হয়, এঘটনা তার স্পষ্ট প্রমাণ।
ওই পঞ্চায়েতের উপপ্রধান সরভানু বিবি বলেন, প্রধান নিজের মর্জিমাফিক কাজ করেন। ওই জায়গায় নালার কোনও প্রয়োজন নেই। অথচ পুকুরের গার্ডওয়ালের উপর নালা তৈরি হয়েছে, তাও আবার কয়েক ফুট উঁচু করে। এজন্য আমাদের মতামতও নেওয়া হয়নি। এসব সরকারি টাকা নয়ছয় ছাড়া কিছুই নয়।
কালীনগর-২ পঞ্চায়েতের প্রধান মান্নাফ হোসেন বলেন, আমাদের মোট টাকার ৬০শতাংশ টায়েড ফান্ড ও ৪০শতাংশ আনটায়েড ফান্ডে আসে। টায়েড ফান্ডের অর্ধেক টাকায় কমিউনিটি টয়লেট ও বাকি অর্ধেকে নালা তৈরি করতে হয়। আনটায়েড ফান্ডের পুরোটাই আমরা রাস্তা সংস্কারে ব্যবহার করি। এই এলাকায় নিকাশিনালার প্রয়োজন খানিকটা কম। শুধু গার্ডওয়াল তৈরি করতে হলে আনটায়েড ফান্ডের টাকায় করতে হতো। এতে রাস্তা সংস্কারে টাকার অভাব দেখা দিত। তবে গার্ডওয়ালের সঙ্গে নালা তৈরি করা হলে তা টায়েড ফান্ডের টাকায় তৈরি করা যাবে। আসলে গার্ডওয়াল তৈরিই আমাদের মূল উদ্দেশ্য ছিল। নালা তৈরি হলে জলের কারণে গার্ডওয়ালের ক্ষতি হবে না। সেজন্য গার্ডওয়ালের সঙ্গে নিকাশিনালা তৈরি হয়েছে।