Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নির্মাণ ও পরিবহণ কর্মীদের পেনশনের আবেদন অনলাইনে, অসংগঠিত শ্রমিকদের জন্য পদক্ষেপ রাজ্যের

নির্মাণ ও পরিবহণ কর্মীদের পেনশনের আবেদন অনলাইনে, অসংগঠিত শ্রমিকদের জন্য পদক্ষেপ রাজ্যের
  • ২০ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

প্রীতেশ বসু, কলকাতা: নির্মাণ ও পরিবহণ ক্ষেত্রের অসংগঠিত শ্রমিকরা পেনশনের জন্য আবেদন করতে পারবেন অনলাইনে। এতদিন হাতে হাতে আবেদন করতে হতো। জেলা থেকে কলকাতার সদর দপ্তরে আবেদনগুলি আসার পর যাচাইয়ের কাজ সেরে পেনশন চালু করতে লেগে যেত ছয় থেকে আট মাস। রাজ্য সরকারের শ্রমদপ্তরের উদ্যোগে এই অনলাইন প্রক্রিয়া চালু হচ্ছে। এর ফলে এক মাসের মধ্যেই আবেদনকারীদের পেনশন চালু করা যাবে বলে  মনে করছেন প্রশাসনিক কর্তারা। 

Advertisement

‘বিল্ডিং অ্যান্ড আদার কন্সট্রাকশন ওয়ার্কার্স অ্যাক্ট ১৯৯৬’ এবং ‘ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স সোশ্যাল সিকিউরিটি স্কিম ২০১০’ অধীনে রাজ্যের নির্মাণ এবং পরিবহণ কর্মীরা ৬০ বছরের পর থেকে প্রতি মাসে ন্যূনতম ১,০০০ টাকা এবং ১,৫০০ টাকা করে পেনশন পেয়ে থাকেন। এর জন্য কিছু নিয়ম মেনে চলতে হয় আবেদনকারীদের। ৫৫ বছর বয়স হওয়ার আগেই পেনশনের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে হয়। আগে নির্দিষ্টভাবে আবেদনের প্রয়োজন হলেও গত বছর থেকে রাজ্যের বিনামূল্যে সামাজিক সুরক্ষায় নাম নথিভুক্ত করলেই এই প্রকল্পের সুবিধার পাশাপাশি পেনশনের জন্যও তাঁরা যোগ্য বলে বিবেচিত হচ্ছেন। ৬০ বছর বয়স হলে পেনশন চালুর জন্য আবেদন করতে সংশ্লিষ্ট ব্যক্তিকে দৌড়তে হয় জেলা অফিসে। এবার থেকে এক ক্লিকেই সেই আবেদন সম্ভব হবে। সেই মর্মে জোর কদমে কাজও চলছে বলে জানা গিয়েছে। 
প্রশাসনিক মহলের মতে, ৬০ বছরের পরে পেনশন চালু হয় ঠিকই। কিন্তু যত তাড়াতাড়ি একজন নাম নথিভুক্ত করাবেন, সেই অনুযায়ী তাঁর পেনশনের অঙ্ক বেশি হওয়ার সম্ভাবনা থাকে। যেমন, কেউ ৪০ বছর বয়সে প্রকল্পে নাম নথিভুক্ত করালে তাঁর ৫৫ বছর বয়স পর্যন্ত প্রতি বছর ১০ টাকা করে মোট ১৫০ টাকা অতিরিক্ত পাবেন। কেউ ৫৪ বছর বয়সে নাম নথিভুক্ত করালে, প্রতি মাসে ১০ টাকা বেশি পেনশন পাবেন। জানা গিয়েছে, বর্তমানে প্রায় ৪৫ হাজার ৫০০ জন পেনশন পাচ্ছেন। তবে নাম নথিভুক্ত করিয়েছেন প্রায় ৪৪ লক্ষ নির্মাণ ও পরিবহণ শ্রমিক। তাঁদের মধ্যে থেকে প্রায় ১০ হাজার জন পেনশন পেতে শুরু করেছেন বলে খবর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ