Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অফিসারের রিভলভার ছিনিয়ে নিজের মাথায় গুলি কনস্টেবলের

রাতে নাকা পয়েন্টে তল্লাশি অভিযানের দায়িত্ব ছিল। ডিউটি পালন করার সময় আচমকাই ভয়াবহ কাণ্ড ঘটল

অফিসারের রিভলভার ছিনিয়ে নিজের মাথায় গুলি কনস্টেবলের
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: রাতে নাকা পয়েন্টে তল্লাশি অভিযানের দায়িত্ব ছিল। ডিউটি পালন করার সময় আচমকাই ভয়াবহ কাণ্ড ঘটল। কর্তব্যরত অফিসারের কোমর থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে নিজের মাথায় গুলি করলেন এক কনস্টেবল। বনগাঁর গোপালনগর থানা এলাকায় রাস্তার উপরে ঘটনাটি ঘটেছে। কনস্টেবলের নাম বিভাস ঘোষ (৩০)। সোমবার গভীর রাতে গুরুতর জখম অবস্থায় ওই কনস্টেবলকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিস সূত্রে খবর, কনস্টেবলের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ডিউটিরত অবস্থায় কেন এমন ঘটনা? তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, আত্মহত্যার চেষ্টা করেছেন ওই কনস্টেবল। গোপালনগরে থানায় কর্তব্যরত ছিলেন বিভাস। এদিন থানার এক অফিসারের সঙ্গে তাঁর নাকা চেকিংয়ের ডিউটি পড়ে। রাত ১১টা নাগাদ ডিউটিরত অবস্থায় আচমকাই সহকর্মী ওই অফিসারের উপর ঝাঁপিয়ে পড়েন যুবক। অফিসারের রিভলভার নিয়ে মাথার ডানদিক গুলি চালায়। গুলি খুলি ফুঁড়ে বেরিয়ে যায়। কর্তব্যরত অফিসার থানায় জানান। এরপরেই ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুলেন্স। রক্তাক্ত অবস্থায় কনস্টেবলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে অন্যত্র সরানো হয়। উল্লেখ্য, এর আগে কলকাতায় ব্যাঙ্কশাল আদালত চত্বর, খাদ্যভবনের বারাকের বাইরে, মহাকরণে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন কলকাতা পুলিসের দুই কনস্টেবল। ফের একই ঘটনায় পুলিসের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ