Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বৃদ্ধ খুন, কনস্টেবলের সশ্রম যাবজ্জীবন

৭৮ বছরের এক বৃদ্ধের মাথায় পাথর দিয়ে থেঁতলে খুন ও দেহ লোপাটের চেষ্টার অভিযোগে গ্রেপ্তারির পাঁচ বছর পর ধৃত আরপিএফ কনস্টেবলের বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল হাওড়া জেলা আদালত।

বৃদ্ধ খুন, কনস্টেবলের সশ্রম যাবজ্জীবন
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ৭৮ বছরের এক বৃদ্ধের মাথায় পাথর দিয়ে থেঁতলে খুন ও দেহ লোপাটের চেষ্টার অভিযোগে গ্রেপ্তারির পাঁচ বছর পর ধৃত আরপিএফ কনস্টেবলের বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল হাওড়া জেলা আদালত। একইসঙ্গে আর্থিক জরিমানাও করেন হাওড়া দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক সোমেশ প্রসাদ সিনহা। আসামির নাম সুকান্ত সাহু। 

Advertisement

ঘটনাটি ঘটে ২০২০ সালে করোনা মহামারীর সময়ে। সেই বছরের ৫ জুন হাওড়ার শালিমার এলাকায় একটি নিকাশিনালা থেকে গুণনিধি সাহু (৭৮) নামের এক বৃদ্ধের মাথা থেঁতলানো দেহ উদ্ধার করে শিবপুর থানার পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনার দু’দিন আগে অর্থাৎ ৩ জুন কলকাতার গার্ডেনরিচের বাসিন্দা ওই বৃদ্ধ শালিমারে আরপিএফ সুকান্ত সাহুর বাড়িতে এসেছিলেন। সুকান্তই গার্ডেনরিচ থেকে তাঁকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল। বৃদ্ধকে বেশ কিছু টাকা ধার দিয়েছিল সুকান্ত। সেই টাকা না মেটানোয় দীর্ঘদিন ধরে দু’জনের মধ্যে মনোমালিন্য চলছিল। তার জেরেই বৃদ্ধকে বাড়িতে নিয়ে এসে সুকান্ত পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করে বলে জানিয়েছে পুলিস। এরপর প্রমাণ লোপাটের জন্য দেহটি ফেলে দিয়েছিল নিকটবর্তী একটি নিকাশিনালায়।
তদন্তে নেমে শিবপুর থানার পুলিস গ্রেপ্তার করে অভিযুক্ত আরপিএফ কনস্টেবল সুকান্তকে। তারপর থেকে এতদিন মামলাটি চলছিল হাওড়া আদালতে। এদিন বিচারক অভিযুক্তের বিরুদ্ধে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছর কারাদণ্ডের নির্দেশ দেন। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে ২০১ ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও কুড়ি হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ