কংগ্রেসের অনুদান সংগ্রহ একবছরে কমল ৭৫ শতাংশ
  • ৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অনুদান প্রাপ্তির নিরিখে আবারও বিজেপির থেকে বহু পিছিয়ে কংগ্রেস। ২০২৫-২৬ অর্থবর্ষে ২০ হাজার টাকার বেশি অঙ্কের অনুদানের পরিমাণ এক ধাক্কায় অনেকটাই কমল। এক্ষেত্রে কংগ্রেসের আয় আগের অর্থবর্ষের তুলনায় প্রায় ৭৫ শতাংশ কমে হয়েছে ১৩০.৬৯ কোটি টাকা। গত এক দশকে এই খাতে দলের অনুদানের পরিমাণ এটাই সর্বনিম্ন।  

Advertisement

নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী, এর আগের দু’বছর কংগ্রেসের এই অনুদান বাবদ অর্থ সংগ্রহের পরিমাণ বেড়েছিল। ২০২৩-২৪ অর্থবর্ষে এই অনুদান বাবদ হাত শিবিরের সিন্দুকে এসেছিল ২৮১.৪৮ কোটি টাকা। এরপর ২০২৪-২৫ অর্থবর্ষে লোকসভা নির্বাচনের বছরে সেই পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫১৭.৩৯ কোটি টাকা। তারপর ২০২৫-২৬ অর্থবর্ষে তা একধাক্কায় কমে হয়েছে ১৩০ কোটি টাকার সামান্য বেশি। আগের অর্থবর্ষ অর্থাৎ লোকসভা ভোটের বছরের তুলনায় এই সংগ্রহ ৩৮৬.৭০ কোটি টাকা কমেছে। অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবর্ষ অর্থাৎ লোকসভা ভোটের বছরে ২০ হাজার টাকার বেশি অঙ্কের অনুদান বাবদ বিজেপি পেয়েছিল ৬,০৭৪.০২ কোটি টাকা। যা কংগ্রেসের প্রাপ্ত অনুদানের প্রায় ১২ গুণ। ২০২৫-২৬ এর হিসাব প্রকাশিত না হলেও  বিজেপির প্রাপ্ত অনুদান কংগ্রেসের চেয়ে বেশি হবে তা সহজেই অনুমেয়। 
বিশেষজ্ঞদের মতে কংগ্রেসের অনুদান কমার অন্যতম প্রধান কারণ প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্টের দেওয়া অর্থের পরিমাণ হ্রাস। ২০২৪-২৫ অর্থবর্ষে এই ট্রাস্ট কংগ্রেসকে ২১৬.৩৪ কোটি টাকা দিয়েছিল। ২০২৫-২৬ অর্থবর্ষে সেই অনুদান কমে দাঁড়িয়েছে ২৫.৮ কোটি টাকায়। অর্থাৎ প্রায় ৮৮ শতাংশ কম। কংগ্রেসের সর্বশেষ অনুদান সংক্রান্ত রিপোর্টে প্রুডেন্টই একমাত্র নির্বাচনি ট্রাস্ট হিসেবে তালিকাভুক্ত হয়েছে।