হাওড়ায় একা লড়বে কংগ্রেস
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া পুরসভার আসন্ন নির্বাচনে ৬৮টি ওয়ার্ডেই একা লড়ার সিদ্ধান্ত নিল জেলা কংগ্রেস। অন্যদিকে, এসআইআরে বাদ পড়া ভোটারদের নাম তালিকায় তোলার দাবিতে জেলাশাসকের দ্বারস্থ হল সিপিএম। পুরভোটের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে দু’দলেরই দাবি, তালিকা থেকে বাদ পড়া বাসিন্দাদের নামের নিষ্পত্তি না করে নির্বাচন করা যাবে না। কংগ্রেসের হুঁশিয়ারি, ভোটের আগে বাদ পড়া নাম তালিকায় না উঠলে আদালতের দ্বারস্থ হবে তারা। মঙ্গলবার হাওড়া জেলা কংগ্রেসের সদর কার্যালয়ে দলের অবজারভার মাকসুদ খান উপস্থিত ছিলেন। পুরভোটে জোটের সম্ভাবনা নিয়ে তিনি স্পষ্ট জানান, রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্ব জোটের সিদ্ধান্ত না নিলে কংগ্রেস একাই লড়বে। ৬৮টি ওয়ার্ডেই প্রার্থী দেওয়া হবে। তাঁর দাবি, বিজেপিকে মানুষ চায় না, তার প্রতিফলন পুরভোটে দেখা যাবে। এসআইআরে নাম বাদ যাওয়া নিয়েও সরব হন মাকসুদ। তাঁর অভিযোগ, বাংলাদেশিদের নামের প্রসঙ্গ তুলে বিজেপি সংবাদমাধ্যমে হিংসা ছড়ানোর চেষ্টা করছে। বাদ পড়া ভোটারদের নাম পুনরায় তালিকাভুক্ত করতে কংগ্রেস আন্দোলন চালাচ্ছে। প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যাওয়া হবে বলে জানান তিনি। জেলা কংগ্রেসের সভাপতি পার্থসারথি ভৌমিকের দাবি, হাওড়া ও বালি পুরসভা এলাকায় প্রায় তিন লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। পুরভোটের আগে নাম না উঠলে আদালতে যাওয়া হবে। অন্যদিকে, এসআইআরে বাদ পড়া ভোটারদের নামের নিষ্পত্তির দাবিতে মঙ্গলবার জেলাশাসককে ডেপুটেশন দেয় সিপিএম। দলের বক্তব্য, উত্তর হাওড়া, মধ্য হাওড়া ও শিবপুর বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ এলাকা এবং দক্ষিণ হাওড়ার চারটি পঞ্চায়েত বাদে বাকি অংশ হাওড়া পুরসভার অন্তর্গত। বিধানসভা নির্বাচনের আগে চারটি কেন্দ্র মিলিয়ে প্রায় ৪৭ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। তাঁদের মধ্যে পুর এলাকার ২৬ হাজার বাসিন্দা নাম তোলার আবেদন নিয়ে ট্রাইবুনালে গিয়েছেন। কিন্তু তাঁদের নাম তালিকায় রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয় বলে অভিযোগ সিপিএমের।

Advertisement