Bartaman Logo
৯ জুন, ২০২৬

কেরলমে মুখ্যমন্ত্রী বাছতে হিমশিম কংগ্রেস, এগিয়ে বেণুগোপালই

ভোটে না লড়েও কি শেষমেশ কে সি বেণুগোপালই কেরলমের মুখ্যমন্ত্রী হতে চলেছেন? কংগ্রেসের অন্দরে চলছে জোর চর্চা।

কেরলমে মুখ্যমন্ত্রী বাছতে হিমশিম কংগ্রেস, এগিয়ে বেণুগোপালই
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটে না লড়েও কি শেষমেশ কে সি বেণুগোপালই কেরলমের মুখ্যমন্ত্রী হতে চলেছেন? কংগ্রেসের অন্দরে চলছে জোর চর্চা। লোকসভার সাংসদ কে সি বেণুগোপাল, এতদিন কেরলম বিধানসভার বিরোধী দলনেতা ভি ডি সতীশন এবং গান্ধী পরিবারের অনুগত রমেশ চেন্নিথালা—তিনজনের মধ্যে চলছে লড়াই। তিনজনেই উচ্চবর্ণ নায়ার সম্প্রদায়ের মানুষ। ফলে জাতিগত কার্ড এখানে কাজ করছে না। তাই তিনজনের মধ্যে থেকে নির্বাচনে কংগ্রেস হাইকমান্ড ব্যক্তির উপরই জোর দিচ্ছে। সেই হিসেবে বেণুগোপালকেই চাইছে বিধায়কদের সিংহভাগ। কারণ, এবার কেরলমে কংগ্রেসের যত বিধায়ক জিতেছেন, তাদের অধিকাংশই বেণুগোপালের ‘লোক।’ আবার এআইসিসির একাংশও চান, দলের সাধারণ সম্পাদক (সংগঠন) পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হোক। কারণ, সংগঠনের কাজে তিনি অন্যদের সঙ্গে সহজ নন। একগুঁয়ে। ফলে এই মওকায় তাঁকে দিল্লি থেকে কেরলমে পাঠিয়ে দেওয়ারই পক্ষে এআইসিসির একাংশ। তবে মুখ্যমন্ত্রী করা হলে উপনির্বাচন করে বেণুগোপালকে জিততে হবে। 

Advertisement

ওদিকে, আবার বিবাদহীন রমেশ চেন্নিথালাইকেও মুখ্যমন্ত্রী করতে চান দলের পুরানোরা। তাই সিদ্ধান্ত গ্রহণের ভার রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ওপর সঁপলেও অনেকেই চাইছেন হস্তক্ষেপ করুন সোনিয়া গান্ধী। তিনি চেন্নিথালাকেই মুখ্যমন্ত্রী পদে বসান। সবমিলিয়ে  মুখ্যমন্ত্রী বেছে উঠতে হিমশিম খাচ্ছে কংগ্রেস। আগামী ২৩ মে’র মধ্যে সরকার গড়তে হবে কেরলমে। 
কেরলমে দলের ভালো ফলে ভি ডি সতীশনের যেমন অবদান রয়েছে, তেমনি রয়েছে বেণুগোপালেরও। তাই তিনি রাহুলের কাছ থেকে চাইছেন পুরস্কার। অন্যদিকে, কেরলমে বিধায়ক তথা অজাতশত্রু হিসাবে রমেশ চেন্নিথালার পরিচিতি। ছ’ বারের বিধায়ক। জিতেছেন তিনবার লোকসভা নির্বাচনও। ফলে অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে ৬৯ বছর বয়সি চেন্নিথালা। অন্যদিকে, সতীশনও ছ’বারের বিধায়ক। বয়স ৬১। গত পাঁচ বছর রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে পারফরম্যান্স অত্যন্ত ভালো। তবে বিদেশি অনুদান আদায় সংক্রান্ত অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। তাই সতীশন একপ্রকার দৌড়ে পিছনে পড়ে গিয়েছেন। আজ-কালের মধ্যেই হবে এসংক্রান্ত সিদ্ধান্ত। ঘোষণাও। 

সম্পর্কিত সংবাদ