Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান শহরে বেহাল রাস্তায় মাছ ধরে প্রতিবাদ কংগ্রেসের

বর্ধমান শহরে বেহাল রাস্তায় মাছ ধরে প্রতিবাদ কংগ্রেসের
  • ৩১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: কয়েকজন মাছ ধরার আপ্রাণ চেষ্টা করছেন। হাতে নাগাল পাওয়ার পর মাছ গলে যাচ্ছে। অবশেষে ফেলা হল মশারি জল। মাছ ধরা দেখার জন্য রাস্তার দু’পাশে লোকজন দাঁড়িয়ে গিয়েছেন। না, এই চিত্র কোনও পুকুর বা ডোবার নয়। বর্ধমান শহরের রাস্তাতেই মাছ ধরতে দেখা গেল কংগ্রেসের নেতা-কর্মীদের। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কিছুটা দূরে রাস্তায় তাঁরা মাছ ধরতে নামেন। তাঁরা প্রতীকী প্রতিবাদ করেন। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, জল জমে রাস্তা পুকুরের চেহারা নিয়েছে। রাস্তায় চলাফেরা করাই দায় হয়ে উঠেছে। গর্তে বাইক বা টোটো পড়ে উল্টে যাচ্ছে। বর্ধমান শহরের অধিকাংশ রাস্তারই এই ছবি দেখা যাচ্ছে। বর্ষার আগে থেকে রাস্তাগুলি খানাখন্দে ভরে গিয়েছিল। জল জমে তা চলার অযোগ্য হয়ে গিয়েছে। 

Advertisement

কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন, বর্ধমানের রাস্তা মাছ চাষ করার পক্ষে উপযুক্ত হয়ে উঠেছে। বিস্তীর্ণ এলাকাজুড়ে এত বড় জলাশয় সাধারণত দেখা যায় না। শহরের বাসিন্দারা পুরসভা থেকে কোনও পরিষেবা পাচ্ছেন না। ছাত্রছাত্রীরা সাইকেল চালিয়ে স্কুলে যেতে ভয় পাচ্ছে। শহরের বাসিন্দারা বলেন, গোলাপবাগ, বাবুরবাগ, বিসি রোড, পার্কাস রোড, বীরহাটা, খোসবাগান সহ সব এলাকার রাস্তার বেআব্রু রূপ বেরিয়ে গিয়েছে। শ্যামলাল, কাঁটাপুকুর সহ বিভিন্ন জায়গার রাস্তার উপর জল জমেছে। বর্ষার আগে খানাখন্দগুলি ভরাট করলে এই অবস্থা হতো না। পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার বলেন, টানা বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হলে কোনও রাস্তাই টিকবে না। শহরের নিকশি ব্যবস্থা উন্নত হয়েছে। তারপরও রাস্তার উপর জল জমছে। বর্ষা শেষ হলেই রাস্তা সংস্কারের কাজ করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ