মেটার অফিসে বিক্ষোভ কংগ্রেসের, সরব বিজেপি
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় বিরোধী নেতা, সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরদের অ্যাকাউন্ট বন্ধ করার অভিযোগ। মেটার বিরুদ্ধে আন্দোলনে নামল ভারতীয় যুব কংগ্রেস। শুক্রবার হায়দরাবাদ, গুরুগ্রাম ও মুম্বইয়ে মেটার দপ্তরে ঢুকে বিক্ষোভ দেখান কর্মীরা। এরপর শনিবার সংস্থাকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে একাধিক দাবি জানিয়েছে যুব কংগ্রেস। তাদের দাবি, গত ছ’মাসে কেন্দ্রীয় সরকারের নির্দেশে কতগুলি ভারতীয় অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, তার বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে মেটাকে। যুব কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সমালোচনা করে এমন পোস্ট এবং রাহুল গান্ধীর নাম উল্লেখ করা পোস্টগুলিকে সরিয়ে দেওয়া হচ্ছে। সেগুলি যাতে বেশি মানুষের কাছে না পৌঁছতে পারে, তার ব্যবস্থা করা হচ্ছে। বিরোধী দলের নেতা, সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরদের অ্যাকাউন্টের উপর থেকে সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়ারও দাবি জানিয়েছে তারা। মেটার অফিসে বিক্ষোভের প্রতিবাদ জানিয়েছে বিজেপি। তাদের বক্তব্য, বেসরকারি সংস্থার দপ্তরে ভাঙচুর চালানোই কংগ্রেসের রাজনীতির ধরন। 

Advertisement