সপার সঙ্গে জোট বাঁচাতে ৭০ আসন চাইতে পারে কংগ্রেস
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: আসন্ন বিধানসভা নির্বাচনে আসন রফা নিয়ে কংগ্রেস-সমাজবাদী পার্টি সংঘাত চরমে। তবে জোট টিকিয়ে রাখতে মরিয়া দু’পক্ষই। তাই শীঘ্রই যাবতীয় দূরত্ব মুছে ফেলতে চাইছে অখিলেশ-রাহুল শিবির। প্রয়োজনে আসনের চাহিদা কমিয়ে দিতে পারে কংগ্রেস। ১২৫ আসনের পরিবর্তে চাওয়া হতে পারে ৬০ থেকে ৭০টি আসন। বিভিন্ন সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। সম্প্রতি কংগ্রেসকে ২৬টি আসান ছাড়ার কথা ঘোষণা করেছিল সপা। বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। স্পষ্ট জানিয়ে দেন, জোটের জন্য দল ভিক্ষা করবে না। পালটা জবাব দিতে ছাড়েনি অখিলেশের দল। বচসা তুঙ্গে ওঠে। যদিও বর্তমানে ফাটল জোড়া লাগানোর চেষ্টা চালাচ্ছে হাত-সাইকেল শিবির। সূত্রের খবর, দু’পক্ষই কর্মীদের এবিষয়ে বিতর্কিত মন্তব্য না করার নির্দেশ দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস নেতা বলেন, ‘নেতাদের প্রকাশ্যে এবিষয়ে বক্তব্য না রাখার নির্দেশ দিয়েছেন আমাদের জাতীয় সভাপতি।’ দলীয় সূত্রে জানা গিয়েছে, সংসদের অধিবেশন শেষে আসন রফা নিয়ে আলোচনায় বসতে পারেন অখিলেশ ও রাহুল। রাজনৈতিক মহলের মতে, এই মুহূর্তে জোট ভাঙলে লাভবান হবে মোদি ব্রিগেড। তাই হাজার বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে চাইছে দুই শিবির। এবিষয়ে লখনউয়ের এক রাজনৈতিক বিশ্লেষক বলেন, ‘সমাজের সব স্তরের মানুষ কংগ্রেসকে ভোট দেন। জোট ভাঙলে মুসলিম ভোট ভাগ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বড়োসড়ো ধাক্কা খাবে সপা। ২০২৪ লোকসভা নির্বাচনে কংগ্রেস-সপা জোটকে মুসলিমরা হাত খুলে ভোট দিয়েছিলেন।’ এদিকে ডিলিমিটেশন ইস্যু নিয়ে বিজেপিকে একহাত নিলেন অখিলেশ। এক্স হ্যান্ডলে সপা প্রধানের তোপ, ‘বিজেপির হাতে কোনো জমি অবশিষ্ট নেই। তাই লোকসভার সংখ্যা বৃদ্ধি করেও কোনো লাভ হবে না। দেশের কৃষক, ব্যবসায়ী, শ্রমিক, মহিলারা বিজেপির বিরুদ্ধে। ওদের দলের লোক পতাকা সরিয়ে দিচ্ছেন। তাই ডিলিমিটেশন নিয়ে দুর্নীতি করলেও কোনো কাজ হবে না।’

Advertisement