নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে সোমবার রাজ্যজুড়ে পথে নামল কংগ্রেস। কলকাতা ছাড়াও শহর, শহরতলি, জেলার প্রতিটি প্রান্তে কর্মসূচি নেন কংগ্রেস কর্মীরা। মিছিল, পথসভা, ডেপুটেশন, কুশপুত্তলিকা দাহ করা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। কর্মসূচি করতে গিয়ে বেশ কয়েক জায়গায় পুলিশের সঙ্গে বাদানুবাদ, ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। উত্তর কলকাতার মানিকতলা ক্রসিং, দক্ষিণ কলকাতার গোলপার্ক, মধ্য কলকাতার ওয়েলিংটন স্কোয়ার থেকে কর্মসূচি আয়োজন করেন কংগ্রেসের নেতা-কর্মীরা। কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী, মিতা চক্রবর্তী, মানস সরকার, আশুতোষ চট্টোপাধ্যায়, রোহন মিত্ররা হাজির ছিলেন কর্মসূচিগুলিতে। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, বিজেপিকে খুশি করতে গিয়ে জ্ঞানেশ কুমার নির্বাচনি প্রক্রিয়াকে কালিমালিপ্ত করেছেন। উনি আর নির্বাচন কমিশনারের পদে বসার অধিকারী নন। তাঁকে ওই পদ থেকে সরতে হবেই। তারজন্য আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে।



