জোট আলোচনার মধ্যেই প্রার্থী ঘোষণা সপার, ফুঁসছে কংগ্রেস
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তবে কি সমাজবাদী পার্টি আর কংগ্রেসের জোটে জট? উত্তরপ্রদেশে এই দুই বিজেপি বিরোধী শক্তির আসন রফার আলোচনার মধ্যেই শুরু মতান্তর। ক্ষোভে ফুঁসছেন সাহারানপুরের কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। তিনি এখন উত্তরপ্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতিও। দু’ দলের আসন রফার আলোচনায় অন্যতম অংশগ্রহণকারীও। অথচ তাঁর নির্বাচনী এলাকার মধ্যেই দুই বিধানসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে সমাজবাদী পার্টি (সপা) 

Advertisement

আর এতেই ক্ষিপ্ত ইমরান। বুধবার কোনো রাখঢাক না রেখেই বলেছেন, ‘একে কি জোট বলে? আলোচনা চলছে আসন ভাগাভাগি নিয়ে। আর তার মধ্যেই পাঁচ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিল সপা? ওরা কি কংগ্রেসের বিরুদ্ধে লড়তে চাইছে, নাকি বিজেপির বিরুদ্ধে?’ প্রশ্ন তুলেছেন এই সংখ্যালঘু নেতা। যদিও বিষয়টিকে ‘অত্যুক্তি’ বলেই মন্তব্য করেছে সমাজবাদী পার্টির সাংসদ রাজীব রাই। তিনি বলেছেন, ‘জোটে কোনো জট নেই। ওই আসনগুলিতে আমাদের প্রার্থীই দাঁড় করানো হবে, তা একপ্রকার ঠিকই ছিল। ফলে ইমরান মাসুদ অহেতুক ক্ষোভ প্রকাশ করছেন।’ যদিও অসন্তোষ বজায় রেখেও ইমরান এও বলেছেন, ‘সপা যা করেছে, সেই বিষয়ে আমার ব্যক্তিগত আপত্তি রয়েছে। তবে সর্বোপরি দল যদি মেনে নেয়, তাহলে আমার কিছু বলার নেই।’ 
উত্তরপ্রদেশে ৪০৩টি বিধানসভা আসনে জোট করেই লড়বে বলে একপ্রকার সিলমোহর দিয়েছেন কং-সপার দুই সুপ্রিমো রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব। গত সোমবার থেকে শুরু হয়েছে দু’দলের আসন রফার আলোচনা। তবে একটি শর্ত বেঁধে দিয়েছেন অখিলেশ—যার যেখানে জেতার সম্ভাবনা রয়েছে, সেখানে সেই দলের প্রার্থী দেওয়া হবে। সমাজবাদী পার্টির বক্তব্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস ১৭ আসনে লড়ে পেয়েছে মাত্র ছয়। সেখানে সমাজবাদী পার্টি ৬৩ আসনে প্রার্থী দিয়ে জিতেছে ৩৭। ফলে জোটে তো সমাজবাদী পার্টির দপদপা চলবেই। কংগ্রেসও অবশ্য তা মেনে নিয়েছে। তবে তারা চায়, সমাজবাদী পার্টির সঙ্গে থেকে ওই মওকায় যদি উত্তরপ্রদেশে বিধানসভায় কিছু বেশি আসন জেতা যায়। কেননা, গতবার (২০২২ সালে) ৩৯৯ আসনে হাত চিহ্নে প্রার্থী দিয়ে জিতেছিল সাকুল্যে দুটি।