Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুরে ঐতিহাসিক বাঁধ সংস্কারের দাবি, কংগ্রেসের প্রতীকী অনশন

বিষ্ণুপুরে ঐতিহাসিক বাঁধ সংস্কারের দাবি, কংগ্রেসের প্রতীকী অনশন
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: ঐতিহাসিক বাঁধ সংস্কারের দাবিতে সোমবার বিষ্ণুপুরে জাতীয় কংগ্রেসের তরফে প্রতীকী অনশন সত্যাগ্রহ আন্দোলন কর্মসূচি হয়। এদিন সকালে দলের নেতা ও কর্মীরা বিষ্ণুপুর শহরের পোকাবাঁধের উত্তরপাড়ে হনুমান ঘাটে প্রতীকী অনশনে বসেন। ঐতিহাসিক বাঁধগুলি সংস্কারের দাবিতে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলে। জাতীয় কংগ্রেসের বাঁকুড়া জেলা সাধারণ সম্পাদক দেবু চট্টোপাধ্যায়, জেলা সম্পাদক সিদ্দিক খান, বিষ্ণুপুর ব্লক সভাপতি গুলজার বায়েন, বিষ্ণুপুর শহর সভাপতি মন্টু রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

দেবুবাবু বলেন, মল্লরাজাদের আমলে তৈরি বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী বাঁধগুলি বহু বছর সংস্কার হয়নি। লালবাঁধে কিছু কাজ হলেও বাকি বাঁধগুলি সংস্কারের অভাবে মজে গিয়েছে। আমরা দলের পক্ষ থেকে সরকারি বিভিন্ন দপ্তরের বারবার ডেপুটেশন দিয়েছি। কিন্তু, তাতে কোনও কাজ হয়নি। সেই জন্য এবার প্রতীকী অনশন সত্যাগ্রহ আন্দোলন কর্মসূচি করেছি। এরপরেও কোনও ব্যবস্থা নেওয়া না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব। 
জেলা সম্পাদক সিদ্দিক সাহেব বলেন, ঐতিহাসিক বাঁধগুলির সঙ্গে বিষ্ণুপুর সহ পার্শ্ববর্তী এলাকার মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। কিন্তু, রাজ্য সরকারের উদাসীনতায় তা ক্রমশ অস্তিত্ব সঙ্কটে ভুগছে। 
কংগ্রেসের বিষ্ণুপুর টাউন সভাপতি মন্টু রায় ও ব্লক সভাপতি গুলজার বায়েন বলেন, জল সঙ্কট দূর করতে মল্লরাজারা একসময় লালবাঁধ, যমুনাবাঁধ, কৃষ্ণবাঁধ, পোকাবাঁধ, কালিন্দিবাঁধ ও গাঁতাতবাঁধ খনন করেছিলেন। বর্তমানে বিষ্ণুপুরের মন্দিরের পাশাপাশি ঐতিহাসিক বাঁধগুলিও পর্যটকরা দেখতে আসেন। কিন্তু, যমুনাবাঁধ ও গাঁতাতবাঁধ কুচুরিপানায় ভরে গিয়েছে। কৃষ্ণবাঁধ ও কালিন্দিবাঁধে জলজ আগাছায় ভরে গিয়েছে। এছাড়াও শহরে জনবহুল জায়গায় অবস্থিত পোকাবাঁধ নোংরায় পরিপূর্ণ। প্রশাসনের কোনও ভ্রূক্ষেপ নেই। তাই আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। বিষ্ণুপুরের বিধায়ক তৃণমূল কংগ্রেসের তন্ময় ঘোষ বলেন, লালবাঁধ সংস্কার হয়েছে। যমুনাবাঁধ সংস্কারের জন্য কয়েকদিন আগেই সেচমন্ত্রীর কাছে প্রকল্পের প্রস্তাব জমা দিয়েছি। বাকি বাঁধগুলিও ধাপে ধাপে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ