


নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: দীর্ঘ প্রতীক্ষার পর কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হল। মুর্শিদাবাদের ২২টি আসনের মধ্যে ১৯টিতে রবিবার নাম ঘোষণা করল হাত শিবির। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী এবার বিধানসভা নির্বাচনে লড়াই করছেন। তালিকা প্রকাশ হওয়ার পরই উচ্ছ্বসিত কংগ্রেস নেতা-কর্মীরা। তবে তৃণমূল থেকে কয়েকমাস আগেই কংগ্রেসে যাওয়ার পর দু’জনকে টিকিট দেওয়া হয়েছে। যা নিয়ে দলের অন্তরে ব্যাপক অসন্তোষ রয়েছে। ডোমকল আসনে দলবদলু শাহানাজ বেগমকে প্রার্থী করার পর পার্টি অফিসের সামনে জমায়েত করে ব্যাপক বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। বহিরাগত প্রার্থীকে তাঁরা মানবে না বলেই জানিয়েছেন।
বিক্ষোভকারীরা বলেন, দু’মাস আগে তৃণমূল থেকে যোগদান করা একজনকে প্রার্থী করা হয়েছে। তার গা থেকে এখনো তৃণমূলের গন্ধ যায়নি। বহিরাগতকে কেন প্রার্থী করা হল, আমরা কোনোভাবেই এটা মেনে নেব না। প্রার্থী প্রত্যাহার করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনে যাব।
এছাড়া সামশেরগঞ্জে কংগ্রেসের প্রার্থী হয়েছেন নাজমে আলম, সূতিতে আলফাজউদ্দিন বিশ্বাস, জঙ্গিপুরে মহম্মদ ইমরান আলি। রঘুনাথগঞ্জ আসনে নাসির শেখ, লালগোলাতে তহিদুর রহমান, ভগবানগোলায় লড়াই করবেন শ্রীমতি অঞ্জু বেগম। রানিনগরের জুলফিকার আলি, মুর্শিদাবাদের সিদ্দিকী আলি লড়াই করবেন। নবগ্রামে লড়াই করবেন হীরু হালদার। খড়গ্রামে মন্দারকান্তি মণ্ডল, বড়ঞায় সুজিত দাস হাত চিহ্নে লড়াই করবেন।
কান্দিতে শামীম রানা, ভরতপুরে আজহারউদ্দিন সিজার, রেজিনগরে জিল্লু শেখ লড়াই করছেন। হরিহরপাড়া আসনে শ্রীমতি মৌসুমী বেগম এবং নওদায় মতিউর রহমান লড়াই করবেন। জলঙ্গিতে আব্দুল রাজ্জাক মোল্লাকে প্রার্থী করা হয়েছে।
প্রার্থী ঘোষণা হওয়ার পর কংগ্রেসের জেলা সভাপতি মনোজ চক্রবর্তী বলেন, তিনটি আসনে প্রার্থী দেওয়া বাকি আছে। খুব তাড়াতাড়ি তা প্রকাশ করা হবে। অধীর চৌধুরী প্রার্থী হয়েছেন। আমরা সকলেই ভীষণ খুশি। আমরা নাম ঘোষণার আগেই কর্মীরা জোর কদমে প্রচারে নেমে গিয়েছে। মানুষ তৃণমূলের থেকে পরিত্রাণ চাইছে। কারণ, তৃণমূলের নেতা ছাড়া আর কারও উন্নয়ন হয়নি।