Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শহরের ভিতরে নাইট সার্ভিস বাস চালানোর দাবি তুলল কংগ্রেস

শহরের ভিতরে নাইট সার্ভিস বাস চালানোর দাবি তুলল কংগ্রেস
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুরের শহরের ভিতর দিয়ে নাইট সার্ভিস বাস চালানোর দাবিতে সোমবার জাতীয় কংগ্রেসের তরফে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, বর্তমানে বিষ্ণুপুরের উপর দিয়ে যে সমস্ত নাইট সার্ভিস বাস চলাচল করে, সেগুলি বাইপাস দিয়ে যায়। সেখানে ভগৎ সিং মোড়ে নির্জন জায়গায় যাত্রী ওঠানামা করে। তাতে নিরাপত্তাহীনতায় যেমন ভুগতে হয়, তেমনই সেখান থেকে শহরে যাতায়াতের জন্য রাতে যানবাহনও পাওয়া যায় না। সেখান থেকে হেঁটে আসতে হয়। কুকুরের ভয় থাকে। তাই আমরা চাই, সাধারণ মানুষের স্বার্থে নাইট সার্ভিস বাসগুলি আগের মতো শহরের ভিতর দিয়ে চলাচল করুক। বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ বলেন, নাইট সার্ভিস বাস চলাচল নিয়ে স্মারকলিপি পেয়েছি। বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। 

Advertisement

জাতীয় কংগ্রেসের বাঁকুড়া জেলা সাধারণ সম্পাদক দেবু চট্টোপাধ্যায় বলেন, রাতে শহরের ভিতর দিয়ে বাস চলাচল করলে যানজটের সম্ভাবনা নেই। তেজপাল হয়ে রঘুনাথসায়র, পোকাবাঁধ, কাটানধার দিয়ে বাস চলাচল করলে যাত্রীদের খুব সুবিধা হবে। এতে বাসগুলিকে বেশি ঘুরতেও হবে না।  দলের বিষ্ণুপুর ব্লক সভাপতি গুলজার বায়েন বলেন, শুধু শহর নয়, পার্শ্ববর্তী বহু গ্রামের বাসিন্দারাও নাইট সার্ভিস বাসে যাতায়াতের জন্য বিষ্ণুপুরে আসেন। বিশেষ করে মহিলা যাত্রীরা ভগৎ সিং মোড়ে নির্জন জায়গায় নিরাপত্তাহীনতায় ভোগেন।   
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুরের বহু বাসিন্দা রাতের বাসে কলকাতা যান। আবার অনেকেই রাতে ফেরেন। আগে শহরের ভিতরে পোকাবাঁধের পাড়ে যাত্রীরা ওঠানামা করতেন। তাতে যাত্রীদের খুব সুবিধা হতো। পরবর্তীকালে যানজটের কারণে বিষ্ণুপুর শহরের ভিতরে সমস্ত যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। নাইট সার্ভিস বাসগুলিও শহরে ঢোকা বন্ধ করে দেয়। রাতে বাইপাসে ভগৎসিং মোড়ে যাত্রীদের ওঠানামা করতে হয়।  বাড়ি আসার জন্য রাতে যানবাহন পাওয়া যায় না। তাই হেঁটেই ফিরতে হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ